করোনাভাইরাস সময়ে হলিউড ছবি
খোলামেলা অন্তরঙ্গ দৃশ্য ধারণে নানান জটিলতায় পড়তে যাচ্ছে হলিউড।
কয়েকদিন আগেই ভারতীয় বিনোদন মাধ্যমে কাজ শুরুর আগে নানানরকম নির্দেশনা জারি করা হয়। এবার হলিউড এল সেই ধারায়।
তুমুল অ্যাকশনধর্মী ছবি কিংবা রোমান্টি-ড্রামা ধর্মী গল্প- হলিউডের যেকোনো ছবিতে নায়ক নায়িকার চুম্বন বা অতিরিক্ত খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতা অভিনেত্রীদের যতটা কাছে আসতে হয় ততটা কাছে যেয়ে অভিনয় করতে হলে শিল্পীদের মানতে নানান স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা।
বর্তমান মহামারীর সময়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ছবির কাজ শুরুর কথা ভাবছে হলিউড। আর এই প্রেক্ষিতে ‘দি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ এবং ‘ডিরেক্টর’স গিল্ড অফ আমেরিকা’সহ বিভিন্ন সংগঠন মিলে ১২ জুন একটি নির্দেশিকা প্রকাশ করে।
যাতে উল্লেখ করা হয় যেকোনো ছবি তৈরির সময় মানতে হবে সর্বোচ্চ সতর্কতা।
ডিজিটালট্রেন্ডস ডটকম’য়ে এই নির্দেশনার প্রেক্ষিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, হলিউড ছবি নির্মাতা প্রতিষ্ঠানরা এমনিতেই যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে সেক্ষেত্রে তারা তাদের অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তার কথা আগেই মাথায় রাখে।
তবে হলিউডের জন্য এই ব্যবস্থা নতুন হলেও ‘পর্ন’ ছবির সঙ্গে সংশ্লিষ্টরা অনেক আগে থেকেই এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করে আসছে।
১৯৯৮ সাল থেকে ‘পর্ন ইন্ডাস্ট্রি’তে অভিনয় করা শিল্পীদের ক্ষেত্রে নানান রকম শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এরমধ্যে আছে নিয়মিত এইচআইভি এবং অন্যান্য ছোঁয়াচে রোগের পরীক্ষা। আর সেসব তথ্য তারিখসহ তালিকাবদ্ধ করে রাখা হয়। তবে হলিউড ছবির ক্ষেত্রে এসবের বালাই ছিল না। তবে এখন করতে হবে।
নির্দেশিকা অনুসারে শুটিংয়ের প্রথম দিনেই ছবির পাত্র-পাত্রীসহ কলাকুশলীদের কোভিড-১৯ এর পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তারা আক্রান্ত নন। সেদিন থেকে যতদিন কাজ চলবে ততদিন নিয়মিত এই পরীক্ষা চালাতে হবে।
যেসব শিল্পী অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন তাদের সপ্তাহে অন্তত তিনবার পরীক্ষা করতে হবে। কাজের ধরন অনুসারে কারও ক্ষেত্রে প্রয়োজন হতে পারে দৈনিক পরীক্ষা।
প্রোডাকশনের লোকজনদের যথেষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ব্যবহার করতে হবে ব্যক্তিগত সুরক্ষার পোশাক বা পিপিই। তাদের নিয়মিত দরকার না হলেও সপ্তাহে অন্তত একবার করোনাভাইরাস পরীক্ষা করতে হবে।
এছাড়াও সংগঠনগুলো শুটিংয়ের সেটে ‘থ্রি জোন সিস্টেম’ বা তিন স্তরের পদ্ধতিও চালু করার প্রস্তাব করেছে।
প্রথম স্তর হবে শিল্পী ও প্রয়োজনীয় কলাকুশলীদের যারা পিপিই ব্যবহার করবেন না।
দ্বিতীয় স্তরে ঘিরে রাখা হবে সেসব কর্মীদের যেখানে থাকবে নিয়ন্ত্রণ কক্ষ/ট্রাকস, প্রোডাকশন অফিস ইত্যাদি। এই স্তরের লোকজনকে পিপিই ব্যবহার ছাড়াও সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে।
তৃতীয় স্তর হবে সেটের বাইরের বিষয়। যেমন- হোটেল বাড়ি ইত্যাদি। এই পরিকল্পনা হিসেবে নির্দিষ্ট স্তরের লোকজনকে সেই স্তরের বাইরে যাতে না যায় সেটা নিশ্চিত করতে হবে।
এছাড়া নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা কর্মী সর্বোক্ষণ সেটে থাকা নিশ্চিত করতে হবে।
যৌনদৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে আরও বেশি সাবধানতা অবলম্বনের ব্যাপারে সতর্ক করা হয় নির্দেশনায়। এই ধরনের দৃশ্য ধারণের সময়ে একেবারেই প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া অন্য কাউকে রাখা যাবে না। এমনকি মনিটরের সামনেও না।
এতো গেল হলিউডের সাধারণ ছবির নিরাপত্তার কথা। তবে পর্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই নির্দেশনা কী বাস্তব?
এ কারণে তাদের নিরাপত্তা ব্যবস্থা একটু হলেও অন্যরকম।
‘কোভিড-১৯ গাইডলাইন’য়ে পর্ন তারকাদের ক্ষেত্রে নির্দেশনা হল শুটিংয়ের অন্তত দুএকদিন আগে তাদের পরীক্ষা করাতে হবে। নেগেটিভ রেজাল্ট হলে অবশ্যই শুটিংয়ের আগে ‘সেলফ আইসোলেশন’য়ে থাকতে হবে। আর সেটা চালিয়ে যেতে হবে শুটিং না শেষ হওয়া পর্যন্ত।
‘অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি’র সঙ্গে জড়িত শিল্পীদের এমনিতেই প্রতি দুই সপ্তাহে একবার এইচআইভি, গনোরিয়া, জন্ডিস, সিফিলিস-সহ বিভিন্ন যৌনবাহিত রোগের পরীক্ষা করাতে হয়। আর সেসব তথ্য ‘পারফর্মার অ্যাভেইলাবিলিটি শিডিউল সার্ভিস’ বা ‘পাস’ নামের সিস্টেমে লিপিবদ্ধ থাকে। সেখানের কোনো শিল্পীর নামের পাশে যদি ‘এক্স’ চিহ্ন থাকে তবে ধরে নেওয়া হয় লিপিবদ্ধ তথ্যের মেয়াদ হয় শেষ হয়েছে নইলে শিল্পীর কোনো একটা রোগ ধরা পড়েছে।
আর এই সিস্টেমেই নতুন করে সংযোজন করা হয়েছে কোভিড-১৯ পরীক্ষার তথ্য। যেখানে থাকবে কোন শিল্পীর কতদিন আগে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
এত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের একমাত্র কারণ বোধহয় হচ্ছে ‘শো মাস্ট গো অন’।
