পাপারাজ্জিদের পাশে হৃত্বিক রোশন
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ অভিনেতাকে ধন্যবাদ জানান বলিউডের পাপারাজ্জি বিরল ভায়ানি।
করোনাভাইরাসের প্রকোপে বলিউডের নিম্ন মধ্যবিত্ত পাপারাজ্জিদের সহায়তার হাত বাড়ালেন তারকা অভিনেতা হৃত্বিক রোশন।
তারকাদের ছবি তুলে জীবিকা নির্বাহ করা পাপারাজ্জি ফটোগ্রাফারদের আয়ের পথ বন্ধ থাকায় অনেকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন; তেমনই কয়েকজন পাপারাজ্জিকে তিনি সহায়তা করেছেন বলে এক খবরে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ অভিনেতাকে ধন্যবাদ জানান বলিউডের পাপারাজ্জি বিরল ভায়ানি।
ভায়ানি বলেন, “করোনার প্রভাবে চারিদিকে ভয়ঙ্কর অবস্থা। আমার টিমের সদস্যরা সারাক্ষণ রাস্তায় নেমে তারকাদের ছবি তোলেন। কিন্তু এই দুর্যোগের সময়ে আমার একমাত্র উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এই সময়ে, হৃতিক রোশন নিজে থেকে এগিয়ে এসেছেন এবং নিম্ন-মধ্যবিত্ত পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়েছেন।”
কৃতজ্ঞতা জানিয়ে ভায়ানি লিখেন, “যেভাবে অন্যান্য অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াচ্ছেন সেখানে আমরা কোনও ফিল্ম অ্যাসোসিয়েশনের অংশ না হওয়ায় সেই সমর্থন থেকে বঞ্চিত। সেখানে হৃতিক এগিয়ে এসেছে, অনেক ধন্যবাদ।”
