২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাট্যনির্মাতা করোনাভাইরাসে আক্রান্ত

ঢাকার এক নাট্যনির্মাতা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 02:22 PM

Updated : 25 Jul 2022, 07:01 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শুক্রবার রাতে উত্তরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন টিভি নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সাধারণ সম্পাদক এস এ হক।

তার স্ত্রী ও দুই সন্তানকেও একই হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান অলিক; তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

নির্মাতার বয়স ৪০ বছর, পরিবার নিয়ে মালিবাগ এলাকায় বাস করেন।

অলিক বলেন, “তিনি প্রায় ১২ দিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথায় ভূগছিলেন। তিনি বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা করানোর পর শুক্রবার দুপুরে আসা রিপোর্টে জানা যায়, তিনি আক্রান্ত।”

‘ডিরেক্টর গিল্ড’-এর তরফ থেকে আক্রান্ত নির্মাতাকে সবধরনের সহযোগিতা করা হবে বলে এক বিবৃতিতে জানান সংগঠনের সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য মতে, শুক্রবার পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৪২৪ জনের মধ্যে মারা গেছেন ২৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।