বিশ্বখ্যাত ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে ‘বন্ধু’র সম্মাননা
‘পদ্মশ্রী’ খেতাব প্রাপ্ত ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে সংবর্ধনা দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’।
সম্প্রতি জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে বন্ধুর পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু এবং নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।
এরপর সৌজন্য নৃত্য পরিবেশন করেন ড. নর্তকী নটরাজ। অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’।
ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে তার অবদানের ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ড. নর্তকী নটরাজ সারা বিশ্বে প্রথম এরকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন। এছাড়াও ভারতের পেরিয়ার মানিয়াম্মাই বিশ্ববিদ্যালয় সম্মনসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন নর্তকী নটরাজকে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বহু দেশের আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে জীবন্ত ইতিহাসে পরিনত হয়েছেন ড. নর্তকী নটরাজ।
বাংলাদেশের ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে আত্ম-সচেতনতা তৈরি করতে, ডাইভারসিটি ফাণ্ড ফর পিস-ইউএনডিপি’র আর্থিক সহায়তায় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু। প্রায় দুই যুগ ধরে এদেশের হিজড়া (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠীর অধিকার, স্বাস্থ্য ও সামাজিক স্বাকৃতি প্রতিষ্ঠায় কাজ করে আসছে তারা। হিজড়া জনগোষ্ঠীর লৈঙ্গিক মর্যদা লাভ, ভোটার তালিকায় সম্পৃক্তকরণ, পাসপোর্টে চিহ্ন পরিবর্তনসহ সরকারি সকল পদক্ষেপে অগ্রণী ভুমিকা পালন করেছে বন্ধু। ড. নর্তকী নটরাজকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার পাশাপাশি এই জনগোষ্ঠী নিয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু।
