মাহির ভুয়া ফেইসবুক পাতা ভেরিফাইড!
তার নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া ফেইসবুক পাতা ‘ভেরিফাইড’ হওয়ায় আসল ফেইসবুক পাতা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
১২ হাজারের কিছু বেশি লাইক ফলোয়ারের ভুয়া পেইজটি ফেইসবুকে ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি তার চোখে পড়ে বলে গ্লিটজকে জানান এ চিত্রনায়িকা।
প্রায় দুই লাখের মতো ফলোয়ার সংখ্যার তার আসল ফেইসবুক পাতা রেখে ভুয়া ফেইসবুক পাতাটি কিভাবে ‘ভেরিফাইড’ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“আমার ভুয়া পেইজ ভেরিভাইড কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আমার একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেইজ ভেরিভাইড হলো; এটা খুব বিরক্তিকর। মানুষ ভেরিভাইড দেখে নিশ্চিত হয় সেটি আসল আইডি কি না; কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না।”
কে বা কারা এটি করছে তা এখনও জানতে পারেনি বলে জানান মাহি; বিষয়টি নিয়ে কোনো আইনী ব্যবস্থা নেওয়া যায় কি না সেই বিষয়টিও ভাবছেন বলে জানালেন তিনি।
