শনিবার বিটিভিতে পুলিশ সপ্তাহের ম্যাগাজিন অনুষ্ঠান
পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে টেলিভিশনে এবারো থাকছে পুলিশের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে সম্প্রচারিত হবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পরিবেশিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।
এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, বান্দরবান, কক্সবাজার সমুদ্র সৈকত এবং কয়েকটি হোটেল ও রিসোটের দৃষ্টিনন্দন স্থানে এ অনুষ্ঠানের চিত্রায়ন হয়েছে।
অনুষ্ঠানের সূচনা হবে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা 'শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ’ গানটি দিয়ে। এ গানের চিত্রায়ন হয়েছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে।
সে যে কেন এলো না, এখানে দুজনে নির্জনে, দিয়েছি তোকে দিল দিল, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এক বিন্দু ভালোবাসা দাও, প্রেমের আগুনে, চুপি চুপি বল কেউ জেনে যাবে, তুমি বিনে আকুল পরাণ- ইত্যাদি গানের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের নৃত্য পরিবেশনায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা ও ইফতেখায়রুল ইসলাম। সার্বিক পরিকল্পনায় ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান ছিলেন সার্বিক সমন্বয়ে। এস এ হক অলিকের নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান।
