২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তনু বিশ্বাসের স্মরণে ‘শান্তনুর সঙ্গে একদিন’

সদ্য প্রয়াত শিল্পী শান্তনু বিশ্বাসের স্মরণে ‘শান্তনুর সঙ্গে একদিন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 05:51 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গীতিকার, সুরকার, গায়ক শান্তনু বিশ্বাস সব অঙ্গনেই নিজের স্বকীয়তার ছাপ রেখে গেছেন।

তার স্মরণে বুধবার নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজন শুরু হবে সকালে ৯ টায় ‘ছোটদের সাথে শান্তনুর এক সকাল’ এর মধ্যে দিয়ে।

যেখানে শান্তনু বিশ্বাসের নাটকের গল্প শুনে ছবি আঁকবে শিশুরা। ৫-৮ বছরের শিশুরা ‘ক’ বিভাগে এবং ৯-১২ বছরের শিশুরা ‘খ’ বিভাগে প্রতিযোগিতা করবে।

আগ্রহী শিশুরা ২৪ ডিসেম্বরের মধ্যে নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কস্থ ফুলকি কার্যালয়ে এসে নাম নিবন্ধন করতে পারবে। এছাড়া সেদিন সকালে শিল্পকলা প্রাঙ্গণে নাম নিবন্ধন করা যাবে।

সকাল ১১ টায় থাকবে শান্তনু বিশ্বাসের নাট্যরূপ ও সুরে ‘ক্ষীরের পুতুল’ নাটকের পাঠাভিনয় ও গান।

বিকেল তিনটায় ‘স্বাধীনতা পরবর্তী নব নাট্যধারায় চট্টগ্রাম: বহুমাত্রিক বিবেচনা’ শীর্ষক গোল টেবিল আলোচনা এবং তারপর শান্তনু বিশ্বাসকে নিয়ে সুহৃদদের স্মৃতিকথন, স্মারক গ্রন্থের প্রকাশনা, তরুণ শিল্পীদের কন্ঠে তাঁর রচনা ও সুরে গান এবং শেষে মিলনায়তনে তার অনুবাদে নাটক।

এছাড়াও থাকবে রক্ত, চক্ষু ও দেহদান কর্মসূচি; তার পাণ্ডুলিপি, প্রকাশিত গ্রন্থ, অভিনীত ও নির্দেশিত নাটকের ছবি, পোশাক, অনুষঙ্গের প্রদর্শনী।