২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাত পোহালেই অভিনয় শিল্পীদের ভোটের লড়াই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নের্তৃত্ব নির্ধারণে শুক্রবার সকাল থেকে এফডিসিতে শুরু হচ্ছে ভোটগ্রহণ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2019, 12:11 AM

Updated : 10 Oct 2022, 09:32 PM

দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ‘বন্ধু’ মিশা সওদাগর ও আরিফা জামান মৌসুমী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন জায়েদ খান ও ইলিয়াস কোবরা।

এবারের নির্বাচনের মূল লড়াইটা হবে মিশা ও মৌসুমীর মধ্যে; তাদের ভোটেই নির্ধারণ হবে দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে মিশা নির্বাচিত হবেন নাকি শিল্পী সমিতির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী হিসেবে সভাপতি হবেন মৌসুমী।

শিল্পী সমিতির নির্বাচন কমিটির প্রধান ইলিয়াস কাঞ্চন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ভোটারের সংখ্যা প্রায় ৪৫০ জনের মতো। ভোটগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সামনে ভোট গণনা হবে।

নির্বাচন কমিটিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আরও আছেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান।

নির্বাচনের আগের দিন শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছে দুই পক্ষের প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে এফডিসির ভেতরে মিশা-জায়েদ প্যানেলে প্রার্থীদের মিছিলে করতে দেখা গেছে।

অন্যদিকে মৌসুমীও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট বেঁধে দুপুরে মগবাজারের একটি রেস্টুরেন্টে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এবার নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে বিপরীতে মৌসুমী-ডি এ তায়েব প্যানেল করার কথা থাকলেও শেষমুহূর্তে নিজের প্যানেল ভেস্তে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান মৌসুমী।

তিনি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলিয়াস কোবরাসহ আরও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে ডিপজল, রুবেল ও নানা শাহ। সহসাধারণ সম্পাদক পদে আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ও ডন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১১টি কার্যকরী সদস্য পদের বিপরীতে লড়বেন ১৪ জন; অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রোজিনা, রোঞ্জিতা ও শামীম খান (চিকন আলী)।