২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাতা-অভিনয়শিল্পীদের সঙ্গে ‘সাপলুডু’ দেখলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নির্মাতা-অভিনয়শিল্পীদের সঙ্গে রাজধানীর বলাকা সিনেপ্লেক্সে বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘সাপলুডু’ দেখলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 05:29 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

শুক্রবার দেশজুড়ে ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুলের নির্মিত এ চলচ্চিত্র। বলাকা সিনেপ্লেক্সে নির্মাতা দোদুল, অভিনেতা আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম, সুষমা সরকার, রুনা খানসহ ছবির কলাকুশলীদের সঙ্গে ছবিটি উপভোগ করেন প্রতিমন্ত্রী।

শো শুরুর আগে ছবিটির জন্য শুভকামনা জানান তিনি।

দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়নে উপজেলা পর্যায়ে চার’শ সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগের কথা সাংবাদিকদের বলেন কে এম খালিদ।

কমপ্লেক্সগুলো নির্মাণ হলে শুধু শহরের বাইর প্রান্তিক অঞ্চলের মানুষও সুস্থধারার চলচ্চিত্র উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বলাকা সিনেপ্লেক্সে প্রথম শো’তে আরও উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার কর্তাব্যক্তি সৈয়দ আশিক রহমান।

নির্মাতা দোদুল বলেন, প্রথম শো’ থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। ক্রমেই দর্শকদের সংখ্যা বাড়ছে। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আগামীতে হল সংখ্যা আরও বাড়তে পারে।”

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেককে।