২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছর পর ‘ব্যাড বয়েজ’

ছবির তৃতীয় কিস্তির নাম ‘ব্যাড বয়েজ ফর লাইফ’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2019, 01:22 PM

Updated : 08 Apr 2022, 04:43 PM

হলিউডের জনপ্রিয় মুভি সিরিজের প্রথম কিস্তি ‘ব্যাড বয়েজ’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। পরের ছবি ‘ব্যাড বয়েজ টু’ মুক্তি পায় ২০০৩-য়ে।

তারপর পেরিয়েছে ১৬টি বছর। যারা এই ছবির ভক্ত তাদের জন্য সুখবর হল ছবির তৃতীয় কিস্তি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছর ১৭ জানুয়ারি।

আর ছবির মূল দুই চরিত্রে অভিনয় করছেন যথারীতি উইল স্মিথ এবং মার্টিন লরেন্স।

যুক্তরাষ্ট্রের মাইয়ামি শহরের দুই গোয়েন্দা পুলিশের কাহিনি নিয়ে গড়ে ওঠা এই ছবির মূল আকর্ষণ অ্যাকশনের সঙ্গে কমেডি।

এরই মধ্যে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ছবির ট্রেইলার মুক্তি পেয়ে আলোচনায় উঠে এসেছে। সত্যি বলতে নব্বইয়ের হলিউড দর্শকরা আগ্রহের সঙ্গেই অপেক্ষা করছেন এই ছবির তৃতীয় কিস্তির জন্য।

আইএমডিবি’র তথ্যানুসারে এই ছবির শুটিংয়ের সব কাজ শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

কাহিনি 

ছবির দুই গোয়েন্দা মাইক লাউরি (উইল স্মিথ) এবং মার্কাস বার্নেট (মার্টিন লরেন্স) আবারও অ্যাডাভেঞ্চারে জড়াচ্ছেন। এবার তাদের প্রতিপক্ষ রোমানিয়ান মব বস আর্মান্দো আর্মাস।

চলচ্চিত্র এবং টিভি-বিষয়ক প্রোডাকশনের খবর-ভিত্তিক ওয়েব সাইট ‘প্রোডাকশ উইকলি’র সূত্র মতে- এই খল নায়ক একজন ঠাণ্ডা মাথার খুনি, যে কিনা প্রতিশোধের নেশায় মত্ত।

পরিচালকের পরিবর্তন

‘ব্যাড বয়েজ’ এবং ‘ব্যাড বয়েজ টু’ ছবি দুটির পরিচালক ছিলেন হলিউডের এই সময়ের জনপ্রিয় পরিচালক মাইকেল বে। ‘ব্যাড বয়েজ’ দিয়েই এই পরিচালক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ ছবি নির্মাণ শুরু করেন।

তবে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ছবি পরিচালনা করছেন- আদিল এল আরবি এবং বিল্লাল ফালাহ। এই পরিচালক দ্বয়ের আলোচিত ছবি হল ‘ব্ল্যাক’ এবং এফএক্স সিরিজ ‘স্নোফল’।

পরিচালকের এই পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। কারণ বিভিন্ন খবর মাধ্যমের সূত্র মতে, মাইকেল বে বর্তমানে ছয়টি ছবির কাজ নিয়ে মহা ব্যস্ত সময় পার করছেন।

অবশ্য এই পরিবর্তন নিয়ে মোটেই চিন্তিত নন অভিনেতারা।

বিনোদন-ভিত্তিক খবরের ওয়েবসাইট ‘স্ক্রিনরান্ট’কে দেওয়া একটি সাক্ষাৎকারে লরেন্স বলেন, “পরিবর্তন অন্যরকম হলেও খারাপ মোটেই নয়।”

নতুন মুখ

‘ব্যাড বয়েজ’য়ের নতুন ছবিতে নতুন ‍মুখও থাকছে। দেখা যাবে ভেনেসা হাজেন্স, অ্যালেক্সান্ডার লাডউইগ এবং চার্লস মেল্টনকে। তবে চমকটা হচ্ছে, এই তিনজন ছাড়াও রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ।