‘পাপ পুণ্য’: মানুষের মৌলিক তাড়নার ছবি
‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর সফলতার পর এবার নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম।
“আমি আগে যে দুটি ছবি বানিয়েছি, এ ছবিটি তার থেকে আলাদা। চলচ্চিত্রটির নাম ‘পাপ-পুণ্য’। মানুষের মৌলিক তাড়না নিয়েই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে।”-নিজের তৃতীয় চলচ্চিত্র নিয়ে বলছিলেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মনপুরা’ চলচ্চিত্রের সাফল্যের পর দীর্ঘ বিরতি নিয়ে ২০১৮ সালে তিনি দর্শকদের উপহার দেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। মনপুরা’র মতোই দর্শকনন্দিত হয় এ চলচ্চিত্রটিও।
শনিবার এ নির্মাতা গ্লিটজকে জানালেন, চলতি বছরই তৃতীয় চলচ্চিত্র ‘পাপ-পুণ্য’র শুটিংয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে চিত্রনাট্য নির্মাণের কাজ। চলছে চরিত্র অনুযায়ি অভিনয়শিল্পী নির্বাচন। সেখানেই কিছুটা চমক খোলাশা করলেন সেলিম।
‘মনপুরা’ চলচ্চিত্রের পর আবারও তার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে হাজির হতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে, তার সঙ্গে পর্দা ভাগাভাগি করে নিচ্ছেন এ প্রজন্মের হার্টথ্রব হিরো সিয়াম।
সেলিম বললেন, “চঞ্চল-সিয়াম চূড়ান্ত হয়েছে। অন্যান্য চরিত্রগুলোর জন্যও বাছাই প্রক্রিয়া চলছে। প্রি-প্রোডাকশানের কাজ চলছে। তবে, নায়িকা কে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।”
দেশিয় সিনেমার ইতিহাসে অন্যতম বাণিজ্যিকসফল ‘মনপুরা’ চলচ্চিত্রের এ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ সারাদেশের দর্শকের কাছে পৌঁছাতে না পারলেও দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। এরপরপরই মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌ-কমান্ডোর অভিযান নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রযোজনায় ‘অপারেশন জ্যাকপট’ নামে বিপুল বাজেটের একটি চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নেন তিনি। নানা বিতর্কের জের ধরে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়নি তার।
বড়পর্দায় রোমান্টিক গল্পের আড়ালে গিয়াস উদ্দিন সেলিম তার চলচ্চিত্রে নিয়ে এসেছেন গ্রাম বাংলার চিরায়ত রূপ, কুসংস্কার-অন্ধত্ব, ক্ষমতাবান ও নীপিড়িতের দ্বন্দ্ব ও সাম্প্রদায়িকতার ভয়াল রূপ। তৃতীয় চলচ্চিত্রের গল্পটি এখনই খোলাশা করতে চান না তিনি। তবে জানালেন, মানুষের মৌলিক তাড়নাকেই ফুটিয়ে তুলতে চান নতুন মোড়কে।
“আমি সবসময় বাণিজ্যিক ছবিই বানিয়ে এসেছি। সব শ্রেণীর দর্শকদের জন্যই আমার ছবি। ‘পাপ পূণ্য’ও তেমনই একটি চলচ্চিত্র।”-বলছিলেন সেলিম।
