‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ফাহিম
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হলেন চট্টগ্রামের তরুণ মেহেদী হাসান ফাহিম।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হল প্রথমবারের মতো আয়োজিত ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। নাচে-গানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানে ঘোষিত হয় ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠেয় ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধির নাম।
বিজয়ী ফাহিমের পাশাপাশি এই প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন মাহাদী ও হানিফ। যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী।
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত মেহেদী হাসান ফাহিমের জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে। বাবা এস এম দস্তগীর দুবাইয়ের আবুধাবিতে থাকেন। তার মা শবনম আক্তার গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফাহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়েল অধীনে বিবিএ পড়ছেন তিনি। লেখাপড়ার পাশাপাশি একটি ছোট ব্যবসাও করেন এই তরুণ।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উচ্ছ্বসিত ফাহিম বলেন, “এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আগে কখনও কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। পড়ালেখার পাশাপাশি ইমপোর্ট ব্যবসা করতাম। নিজের মডেলিংয়ের নেশাও ছিল। সেখান থেকেই আজকের মঞ্চে বিজয়ী হলাম।
১৯৯৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংস্থা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। সবশেষ ২০১৬ সালে যুক্তরাজ্যের সাউথপোর্টে আয়োজিত ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিজয়ী হন ভারতের হায়দরাবাদের তরুণ রোহিত খানদেওয়াল।
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বুথ্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা এবং ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের অভিনেতা কামরুল আলম খান খসরু।
এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মডেল-অভিনেতা সানজু জন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আবদুল্লাহ্ আল মামুন।
