আলাদা হয়ে গেলেন দিয়া-সাহিল
স্বামী সাহিল সংঘের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের অভিনেত্রী দিয়া মির্জা।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া। বিয়ের আগে-পরে মিলিয়ে প্রায় ১১ বছরের সম্পর্ক তাদের, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার টুইটারে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
দিয়া লিখেন, “দীর্ঘ ১১ বছর একসঙ্গে পথ চলার পর আমরা দুইজন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিচ্ছেদের পরও আমাদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে। দুজনের পথ এখন আলাদা হয়ে গেলেও বন্ধনটা অটুট থাকবে।
“আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ সংবাদমাধ্যমকেও। আশা করব সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবেন।”
কী কারণে তাদের বিচ্ছেদ ঘটছে-সে বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানাননি তারা।
সাহিল সংঘ পেশায় একজন সহপরিচালক। দিয়া ক্যারিয়ারের শুরুতে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ চলচ্চিত্রে অভিনয় পরিচিতি পান। পরে ‘লাগে রহো মুন্নাভাই, ‘সাঞ্জু’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
