২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবি

আবার পর্দায় আসছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 08:49 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

চোখ ধাঁধানো গতির খেলা আর দারুণ অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এ সিরিজের নতুন চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ অগাস্ট। বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি একই দিনে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরাও। রাজধানীর জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এমনটাই নিশ্চিত করেছে।

এর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর মোট ৮টি ছবি এসেছিলো বড়পর্দায়। সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে। এ সিরিজের সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। এবারও এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামেরা।  তাদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন অভিনেতা ইদরিস এলবা। তবে তার চরিত্রটি নেতিবাচক।

এই সিরিজে তার যুক্ত হওয়ার পেছনেও রয়েছে নতুন করে সাফল্য ধরার কৌশল। ফার্স্ট এন্ড ফিউরিয়াস-এ ডোয়াইন জনসনের হবস চরিত্রটি আসার পরে বেশ দর্শকপ্রিয়তা পায়। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল চেষ্টা করছে চরিত্রটিকে ঘিরেই একটি কিস্তি তৈরির। সঙ্গে থাকবে জেসন স্ট্যাথামের চরিত্র ডেকার্ড শ।  ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির অষ্টম কিস্তিতে এই দুজনের অভিনয়ের রসায়ন বেশ পছন্দ করেন দর্শকেরা। তাই দুই চরিত্রকে ঘিরে একটি ছবি নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল প্রযোজনা প্রতিষ্ঠান। এবার সেই চেষ্টার বাস্তবায়ন হলো। দু’জনের বিরুদ্ধে ভিলেন হিসেবে দেখা দেবেন ইদরিস এলবা।

‘ডেডপুল টু’ ছবির পরিচালক ডেভিড লিচ ছবিটি পরিচালনা করেছেন। ডোয়াইন জনসন তার চরিত্র ‘লুক হবস’ চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ‘ডেকার্ড শ’ হিসেবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস মর্গান।

ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন নিল এইচ মরিটজ। সঙ্গে থাকবে ডোয়াইন জনসনের সেভেন বাকস প্রোডাকশনস।