২০৪০-এর ঢাকায় বাপ্পীর সঙ্গে তিশা-ফারিয়া
২০১৯ সালে দাঁড়িয়ে দুই দশক পরের ঢাকাকে চলচ্চিত্রে ফুটিয়ে তুলতে নির্মিত হচ্ছে ‘ঢাকা ২০৪০’।
‘ঢাকা অ্যাটাক’-এর নির্মাতা দীপঙ্কর দীপন তৈরি করতে যাচ্ছেন এই চলচ্চিত্র। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠান।
চলচ্চিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং হালের জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। একটি বিশেষ চরিত্রে হাজির হবেন চিত্রনায়ক এবিএম সুমনও।
চলতি মাসেই শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রটির চিত্রধারণ।
নির্মাতা দীপংকর দীপন বলেন, “গত বছরের অক্টোবর থেকে এই ছবিটি নিয়ে ভাবছি। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে গল্পটা ২০৪০ সালের। তখন আমাদের ঢাকার অবস্থা কেমন হতে পারে, সেইটাই তুলে ধরার চেষ্টা করব এই ছবিতে। ২০১৯ সালে জন্ম নেওয়া একটা ছেলে অথবা মেয়ের চোখে ২০৪০ সালের গল্প দেখানো হবে এখানে।”
চিত্রনায়ক বাপ্পি বলেন, “এই ছবির জন্য ছয়টি ছবি ছেড়ে দিয়েছি। এতদিন পর্যন্ত আমি যা কাজ করেছি একটা লিমিটেড বাজেটে কাজ করেছি। অনেক ভুল কাজ করেছি, শুধু ইন্ডাস্ট্রির স্বার্থে। অপেক্ষায় ছিলাম একটা ভালো বাজেটের কাজের।আমার স্বপ্ন ছিল কোনো আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করা, যা মানুষকে স্বপ্ন দেখাবে। আমি আশাবাদী ছবিটি বিশ্ববাজারে প্রতিনিধিত্ব করবে।”
নুসরাত ফারিয়া বলেন, “নয় মাস আগে দীপন দা এই গল্পটি শুনিয়ে ছিলেন আমাকে। শুনেই ভালো লেগেছিল। আমরা চলচ্চিত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আরও একধাপ যাবে।”
নির্মাতা দীপন জানান, চলতি মাসের ২৪ জুন থেকেই চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।
