নাটকে ক্রিকেটার জাভেদ ওমর
ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার আঁচ লেগেছে ঈদ আনন্দেও। ঈদ উৎসবে নির্মিত অনুষ্ঠানমালায়ও বিষয়বস্তু হয়ে উঠেছে ক্রিকেট।
ক্রিকেট নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। নাটকটিতে অভিনেতা হিসেবে এই প্রথম দেখা যাবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমকে।
নাটকে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলের একনিষ্ঠ ভক্ত ‘আকবর’ এর চরিত্রে দেখা যাবে অভিনেতা রওনক হাসানকে। বিশ্বকাপ উপলক্ষে ১৯৭১ গজের বাংলাদেশের পতাকা বানানোর স্বপ্নে বিভোর ট্যাক্সিচালক আকবরের গল্পেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
রেজানুর রহমানের পরিচালনায় নাটকটি আসছে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
নাটকের মূল চমক জাভেদ ওমর বেলিম প্রসঙ্গে নির্মাতা বলেন, “বাস্তব জীবনে খেলাপ্রিয় জাভেদ ওমর বেলিম নাটকের চরিত্রে খেলা সম্পর্কে কোনো আগ্রহই দেখান না। কিন্তু একজন ট্যাক্সিচালকের ক্রিকেট প্রীতি ও দেশাত্ববোধ দেখে ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহী হয়ে ওঠেন।”
তিনি জানান, নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ক্রিকেটার মিশু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমানসহ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিত প্রাণ কর্মী।
