২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাসওয়ার্ড’ নিয়ে ইস্তানবুল শাকিব-বুবলি

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র পাসওয়ার্ড। চলছে শেষ মুহুর্তের নির্মাণ কাজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 05:05 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

শাকিব খানের প্রযোজনায় মালেক আফসারির পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। আসছে ঈদে চলচ্চিত্রটি মুক্তির লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা।

অন্যসব দৃশ্যায়ন শেষ হলেও চলচ্চিত্রের তিনটি গানের চিত্রায়ণ এখনও বাকি। সে গানগুলোর চিত্রায়নেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাচ্ছেন শাকিব-বুবলি। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন শাকিব খানের সফরসঙ্গী ও ছবিটির আরেক প্রযোজক ইকবাল।

তিনি বলেন, ১৪ মে দিবাগত রাত ৩টায় আমাদের ফ্লাইট। একসাথে তিনটি গানের শুটিং করতে যাচ্ছি আমরা। শাকিব-বুবলি ছাড়াও ভারতের একটি নাচের দল যুক্ত হবে আমাদের সঙ্গে। মোট দশদিনের সফর। আশা করছি যথাযথ চিত্রায়ণ শেষে দর্শকদের জন্য ঈদেই চলচ্চিত্রটি সুন্দরভাবে মুক্তি দিতে পারবো আমরা।”

সম্প্রতি চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা মালেক আফসারি। হাতে পেনড্রাইভ, আর আগ্রাসী চাহনীতে রক্ত-নীল রঙ্গে শাকিব খানকে দেখা গেছে ছবিটিতে। পোস্টারেই উল্লেখ করা হয়েছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’।

এর আগে গত ১ মার্চ থেকে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। নির্মাতা জানান, শিগগিরই চলচ্চিত্রটির টিজার ট্রেলারও প্রকাশ করতে যাচ্ছেন তারা।