পরীক্ষার নম্বর বাড়িয়ে বলার জন্য পূজার দুঃখ প্রকাশ
মাধ্যমিক পরীক্ষায় নিজের ফলাফল নিয়ে গণমাধ্যমকে ভুল তথ্য দেওয়ার জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরি।
এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন উঠতি এই অভিনেত্রী। সোমবার ফল প্রকাশের পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
পরে তার রোল নম্বর নিয়ে পরীক্ষার ফলাফলের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তিনি আসলে পেয়েছেন জিপিএ ৩.৩৩।
সমালোচনার মুখে মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন পূজা।
অন্যজনের কাছ থেকে ভুল তথ্য পাওয়ায় এই জটিলতা হয়েছে দাবি করে তিনি বলেন, “তখন এডমিড কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে 'আই এম সরি।' আমি আসলে কাউকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি।
“আসলে আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি নিজে সিওর না হবো ততক্ষণ আমি কিছু বলব না।"
রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন পূজা। তিনি অভিনয় করেছেন ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রে।
