আসিফের বিরুদ্ধে শফিক তুহিনের মামলায় প্রতিবেদন জমা জুনে
কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছে আদালত।
সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন হলেও এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুন তারিখ নির্ধারণ করেন।
আসিফের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিভিন্ন শিল্পীর ৬১৭টি গান ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে মোবাইল ফোনের কনটেন্ট হিসেবে বিক্রি করার অভিযোগ আনেন শফিক তুহিন। এর মধ্যে শফিক তুহিনের রচিত শতাধিক গান রয়েছে বলে এই গীতিকারের দাবি।
গত বছর ৪ জুন রাজধানীর তেজগাঁও থানায় শফিক তুহিনের দায়ের করা মামলার পরদিন রাতে আসিফকে তার মগবাজারের অফিস থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলায় আসিফ ছাড়াও আরও অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে ‘গান চুরির’ বিষয়টি জানতে পারেন, মামলার অভিযোগে বলেছেন শফিক তুহিন।
মামলার এজাহারে বলা হয়, “১ জুন রাত ৯টার দিকে একটি বেসরকারি চ্যানেলের সার্চলাইট অনুষ্ঠানের মাধ্যমে মামলার বাদী (শফিক তুহিন) জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭ গান সবার অজান্তে বিক্রি করেছেন।”
পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে ‘প্রতারণার মাধ্যমে’ বিপুল অর্থ উপার্জন করেছেন।
এরপর অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ করলে ওই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করেছেন শফিক।
শফিকের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে পরের দিন আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে আসেন।
লাইভে ভক্তদের উদ্দেশে আসিফ বলেন, শফিক তুহিনকে (বাদী) যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আসিফের ওই বক্তব্যের পর তার ভক্তরাও ফেসবুকে শফিক তুহিনকে হুমকি দেন।
আসিফ ফেইসবুক লাইভে এসে শফিকের বিরুদ্ধে ‘অবমাননাকর, অশালীন ও মিথ্যা’ বক্তব্য এবং ‘শায়েস্তা করার হুমকি’ দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
৪৭ বছর বয়সী আসিফের প্রথম অ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়' প্রকাশিত হয় ২০০১ সালে। প্রথম অ্যালবামেই জনপ্রিয়তা পান আসিফ।
আর ৪৩ বছর বয়সী শফিক তুহিন তার প্রথম গান ‘এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না’ দিয়েই আলোচনায় আসেন।
