২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুদান কমিটির ৪ সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন তথ্য মন্ত্রণালয়ের

চলচ্চিত্র অনুদান কমিটির পদত্যাগী চার সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তথ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 07:10 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

তারা হলেন চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মতিন রহমান ও নাট্যজন মামুনুর রশিদ।

তারা পদত্যাগের যে কারণ দেখিয়েছেন, তা নাকচ করে বুধবার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে।

ওই চারজন অভিযোগ করেছেন, কমিটির সদস্য হিসেবে তাদের না জানিয়েই মন্ত্রণালয় একক সিদ্ধান্তে অনুদানের চলচ্চিত্র নির্বাচন করেছে।

তথ্য মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরীর 'এই তুমি সেই তুমি' এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ইনামুল হকের '১৯৭১-সেইসব দিন' দুটি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চারজন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন।”

এই চলচ্চিত্র দুটিকে অন্তর্ভুক্তির পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, ““মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেওয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দুটি চলচ্চিত্রকে অনুদানের আওতায় আনা হয়।”

১২ সদস্যের অনুদান কমিটির ‘সংখ্যাগরিষ্ঠ সদস্যের’ মতামতে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তথ্য মন্ত্রণালয় বলেছে, “এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”

পুরনো খবর:

চলচ্চিত্র অনুদান কমিটির ৪ সদস্যের পদত্যাগ
অবশেষে চলচ্চিত্রে অনুদান পেলেন কবরী