২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র অনুদান কমিটির ৪ সদস্যের পদত্যাগ

অনুদানের চলচ্চিত্র নির্বাচনে মন্ত্রণালয় ‘একক’ সিদ্ধান্ত নেওয়ায় পদত্যাগ করেছেন এই সংক্রান্ত কমিটির চার সদস্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মামুনুর রশিদ ও মতিন রহমান রোববার কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০১৮-১৯ অর্থ বছরে অনুদানের চলচ্চিত্র নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন ১২ সদস্য ব‌িশিষ্ট অনুদান কম‌িটির এই চার সদস্য।

পদত্যাগপত্রে তারা লিখেছেন, অনুদান কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মন্ত্রণালয় এককভা‌বে তাদের সিদ্ধান্ত পাল্টে প্রজ্ঞাপন জারি করেছে।

“এমতাবস্থায় অনুদান কমিটির সদস্য হিসেবে থাকা আমাদের জন্য সম্মানজনক ও যুক্তিযুক্ত মনে না হওয়ায় আমরা চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। অতএব, এই পত্রটিকে আমাদের পদত্যাগপত্র হিসেবে গণ্য করে তা অবিলম্বে কার্যকর করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।”

নাট্যজন মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদত্যাগের বিষয়টি জানিয়ে তারা শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।

বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদত্যাগীদের সঙ্গে আলোচনার খবর শোনা গেছে।

এবিষয়ে মামুনুর রশিদ বলেন, “সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। দেখা যাক, এটা কোথায় গিয়ে দাঁড়ায়।”

আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না- জানতে চাইলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “কথা তো হতেই পারে।”

২০১৮-২০১৯ অর্থবছরে একটি শিশুতোষ চলচ্চিত্র, দুটি প্রামাণ্যচিত্র ও সাধারণ শাখায় পাঁচটি চলচ্চিত্রকে অনুদানের জন্য নির্বাচিত করে গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আসে।

শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ এবং পুরবী মতিনের ‘খেলাঘর’।

সাধারণ শাখায় কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছাড়াও অনুদান পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের প্রযোজনা ও হোসনে মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, লাকী ইনামের প্রযোজনায় হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিন’।