২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় টেলি সামাদ

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 07:36 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

এর আগে আসরের পর প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজা হয়। এতে বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আব্দুস সামাদ (টেলি সামাদ)। বৃহস্পতিবার রাতে অবস্থা বেশী খারাপ হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

রোববার বেলা ৩ টার দিকে টেলি সামাদের লাশবাহী অ্যাম্বুলেন্স তার জন্মস্থান নয়াগাঁওয়ে পৌছে। শেষ বারের মত তাকে দেখতে ভীড় জমান শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে বেলা সাড়ে ১২টায় তার প্রিয় কর্মস্থল এফডিসি প্রাঙ্গণে তার ৪র্থ নামাজে জানাজা হয়। পরে সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।

শনিবার বাদ মাগরিব ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে এশার পর তার ঢাকার বাসভবন ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে মগবাজার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে আসা হয় তার ইন্দিরা রোডের বাসভবনে। সেখান থেকে রবিবার সকালে তার লাশ নেওয়া হয় এফডিসিতে।

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকার কৃতি সন্তান তিনি। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা টেলি সামাদ বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও রয়েছে এই গুণী অভিনেতার পারদর্শিতা।

‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে পা রাখা। চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলি সামাদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ভাতিজা ছিলেন।