প্রথম অ্যালবাম আনছে ‘শহুরে গায়েন’
‘তোমার জন্য থামি’ শিরোনামে নিজেদের প্রথম অ্যালবাম প্রকাশ করছে ‘শহুরে গায়েন’ ব্যান্ড।
বাহিরানা অডিও ভিজ্যুয়ালের প্রযোজনায় ও রঙ বাংলাদেশের সহযোগীতায় শুক্রবার বিকাল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অ্যালবামের মোড়ক খোলা হবে বলে গ্লিটজকে জানিয়েছে ব্যান্ডটি।
অ্যালবামটি সন্ত্রাসীদের হাতে নিহত মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকীকে উৎসর্গ করা হয়েছে। মোড়ক উন্মোচন করবেন ত্বকীর মা রওনক রেহানা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবেন শহুরে গায়েনের অন্যতম প্রতিষ্ঠাতা ও গীতিকার-সুরকার আহমেদ বাবলু ও দলের মূল কম্পোজার রণক ইব্রাহীম।
পরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, শিল্পী রাহুল আনন্দ, শিল্পী কৃঞ্চকলি ও তরুণ চলচ্চিত্র নির্মাতা ও গল্পকার হাসান জাফরুল বিপুল।
আলোচনা করবেন সংস্কৃতি সংগঠক ত্বকীর বাবা রফিউর রাব্বি, কবি আরিফ বুলবুল, প্রবন্ধীক ফিরোজ আহমেদ, বাহিরানা অডিও ভিজ্যুয়ালের নির্বাহী অর্ক সুমন এবং রঙ বাংলাদেশের সৌমিক দাস।
পরে গান পরিবেশন করবেন আমন্ত্রিত বন্ধু দল লীলা, সমগীত, সহজিয়া, ভাটিয়াল শহুরে এবং শহুরে গায়েন।
