বিয়ের পর অভিনয় ছাড়বেন পপি
বিয়ের পর চলচ্চিত্র জগতকে বিদায় জানাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী পপি।
তবে কবে বিয়ে করছেন তা স্পষ্ট করেননি চল্লিশে পা দেওয়া এ অভিনেত্রী। সোমবার গ্লিটজকে জানান, বিয়ের পর স্বেচ্ছায় অভিনয় ছেড়ে সংসারে পুরোপুরি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বলেন, “দায়িত্বের কারণেই অভিনয় ছেড়ে তখন সংসারেই সময় দেব।”
তার সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে পূর্ণিমা, শাবনূর বিয়ে-সন্তান নিয়ে পুরোদস্তুর সংসারী হয়ে উঠেছেন; চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্বও বেড়েছে তাদের।
বিয়ের পর নারীদের অভিনয় চালিয়ে যাওয়াকে ‘কষ্টকর’ বললেন খুলনার মেয়ে পপি।
ক্যারিয়ারের মাঝপথে সহশিল্পী শাকিল খানের সঙ্গে তার প্রেম-বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল গণমাধ্যমে।
তবে সেই গুঞ্জন উড়িয়ে এর আগে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি প্রেমের কথা স্বীকার করলেও শাকিলকে বিয়ের কথা অস্বীকার করেন।
তিনি বলেন, “শাকিলের সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল, প্রেম ছিল। কিন্তু শাকিলকে কখনোই আমি বিয়ে করিনি। এটা নিয়ে দর্শকদের ও কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে।”
নব্বইয়ের দশকের শেষভাগে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
