ভালোবাসা ও বিচ্ছেদের গল্প ‘ইচ্ছে ভুল’
মুসাফির আরিয়ানের কণ্ঠে নতুন গান ‘ইচ্ছে ভুল’ প্রকাশিত হয়েছে ইন্টারনেটে।
‘কিছুটা ইচ্ছে ইচ্ছে ভুল, তোমার খোঁপার গোলাপ ফুল, কোনও অচীন আশায়, রাতগুলো ঘুমহীন’-এমন কথা আর সুরের সমন্বয়ে তৈরি হয়েছে ‘ইচ্ছে ভুল’।এই গানের গীতিকার আলী ওয়াজেদ, তার শিল্পীর যৌথ সুর ও সংগীতায়োজনের গানটি প্রযোজনা করেছে সিএমভি। বৃহস্পতিবার গানটি প্রকাশিত হয়েছে।
শুধু গান আকারে নয়, গানের কথা ও সুরের অন্তরালের চিত্র ফুটে উঠেছে এর জন্য নির্মিত এক নির্বাক কাহিনীচিত্রে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন রুবী। এটি নির্মাণ করেছেন মীর ইশতিয়াক।
গানটি প্রসঙ্গে এর শিল্পী-সুরকার মুসাফির আরিয়ান বলেন, “দুটো মানুষের ভালোবাসার কথা ও বিচ্ছেদের গল্প রয়েছে এই গানে। আবার দুজনে অনেক দূরে হারিয়ে যাওয়ার গানও এটি। দুজন মানুষ একে অপরকে ছেড়ে একা থাকতে না পারার গান। গীতিকারের কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। সুরেও তাই চেষ্টা করেছি কথাগুলোকে অনুভব করার। বাকিটা শ্রোতা-দর্শকরা ভালো বলতে পারবেন।”
সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশ-এ।
