২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কাসকন্যা ‘বিউটির’ ফার্স্টলুকে জয়াঝলক

জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2019, 06:34 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফার্স্টলুকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমন। চার নায়কের বিপরীতে দাঁড়িয়ে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সার্কাসকন্যা ‘বিউটি’ রূপে জয়ার প্রথম ঝলকই ইতোমধ্যে সাড়া ফেলেছে।

টিজারটি প্রকাশিত হয়েছে ‘বিউটি সার্কাস’-এর অফিসিয়াল পেইজ, প্রযোজনা প্রতিষ্ঠার চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে এবং স্পন্সর প্রতিষ্ঠান দারাজের পেইজে।

ফার্স্টলুকে একটি মাত্র সংলাপই উঠে এসেছে। মাথায় পায়রা, গায়ে জাদুকরী পোশাকে মোহনীয় ভঙ্গিতে হাজার হাজার দর্শকের সামনে পায়রা উড়িয়ে প্রথম পদার্পনেই জয়া ছুড়ে দিলেন সেই সংলাপ, ‘আই লাভ ইউ..’। 

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে অস্তিত্ব রক্ষার কথাই ফুটে উঠবে এই চলচ্চিত্রে।

নিজের চরিত্র সম্পর্কে জয়া আহসান বলেন, “আমি বলব, এই কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয় শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনো দিন যাননি আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন।”

চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টানম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। দিয়েছেন বিপদজনক শট। অন্যদিকে ফেরদৌস, তৌকির, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমন প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। নওগাঁর সাপাহার এবং মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে নির্মিত চলচ্চিত্রটি শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

নির্মাতা মাহমুদ দিদার জানান, যথাযথ নির্মাণ ও প্রচারণা শেষে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এটি।