২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে পুরস্কৃত ‘কমলা রকেট’, বেঙ্গালুরু যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সরব হয়েছে বাংলাদেশের দুই ছবি ‘ইতি তোমারই ঢাকা’ ও ‘কমলা রকেট’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 09:37 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

‘কমলা রকেট’-এর পুরস্কারের ঝুড়িতে যোগ হলো আরেকটি পুরস্কার।  সম্প্রতি কাঠমুণ্ডুতে অনুষ্ঠিত ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দ্বিতীয় আসর’-এ ‘স্পেশাল জুরি পদক’ পেলো চলচ্চিত্রটি। ২৫ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবের শেষ দিনে উৎসব কর্তৃপক্ষ এ পুরস্কার ঘোষণা করেন। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় ‘কমলা রকেট’।

অন্যদিকে, ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়েছে ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬০টি দেশের ২২৫টি চলচ্চিত্র নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবে লড়াই করছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। তথ্যগুলো নিশ্চিত করেছেন চলচ্চিত্র দু’টির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রযোজক জনাব আবু শাহেদ ইমন। উৎসবে যোগ দিতে ইতোমধ্যে তিনি বেঙ্গালুরুতে অবস্থান করছেন।

ইমন জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। উৎসবে এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যায়।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতার নির্মাণ ‘ইতি, তোমারই ঢাকা’। নির্মাতারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন। সম্প্রতি জয়পুর চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় চলচ্চিত্রটি।

এছাড়া, কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

অন্যদিকে, ‘কমলা রকেট’ চলচ্চিত্রটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে স্থান পেয়েছে। নির্মাতা অর্জন করেছেন শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বণে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম।