২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোমটা পরা ধার্মিক মেয়ের চরিত্রে অমৃতা

নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন চিত্রনায়িকা অমৃতা খান। চলচ্চিত্রটিতে মুসলিম পরিবারের ধার্মিক মেয়ের চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 07:51 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

চলচ্চিত্রে সরব হয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা অমৃতা খান। শুক্রবার রাজধানীর একটি রেঁস্তোরায় এ নায়িকা যুক্ত হলেন তার নতুন চলচ্চিত্র ‘রোমিও রংবাজ’-এ। চলচ্চিত্রটি নির্মাণ করছেন সায়েম জাফর ইমামী। চলচ্চিত্রটিতে অমৃতার বিপরীতে বড়পর্দায় অভিষেক হবে নবাগত নায়ক সালমান রাহগীরের। ত্রিভূজ প্রেমের চলচ্চিত্রটিতে অমৃতা ছাড়াও দেখা যাবে নবাগতা ফাহমিদা দিবাকে। চলচ্চিত্রটিতে এন্টিহিরো হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা শিমুল খান।

শুক্রবার চলচ্চিত্রটির এ চার অভিনয়শিল্পী আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন। নির্মাতা জানান, চলচ্চিত্রটি রোমান্টিক অ্যাকশান ঘরানার। আগামী ১ ফেব্রুয়ারী থেকে সিলেটের মৌলভীবাজার, জুরী এবং শ্রীমঙ্গলে শুটিং শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রটির।

নির্মাতা বললেন, “প্রথম পর্বে টানা দুই সপ্তাহ শুটিং করে ছবিটির মূল গল্পের সকল দৃশ্য ধারণের কাজ শেষ করা হবে। তারপর খুব দ্রুতই ছবিটির দ্বিতীয় পর্বে ৪ টি গানের দৃশ্য ধারণের মাধ্যমে ক্যামেরা ক্লোজ করতে চাই আমরা। সম্পুর্ন পোষ্ট প্রোডাকশনের কাজ শেষে চলতিবছর মে মাসেই ছবিটি মুক্তির ব্যাপারে পরিকল্পনা করেছি আমরা। আশা করছি দর্শকদের ভাল লাগবে চলচ্চিত্রটি।”

চিত্রনায়িকা অমৃতা খান বলেন, “আমার চরিত্রটি সিলেটের এক মুসলিম পরিবারের ধার্মিক মেয়ের। সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে স্কুল কলেজে যেতে, নামাজও পড়ে। প্রথম এ ধরণের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।”

রয়েল, অনিক পরিচালিত গেম চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন চিত্রনায়িকা অমৃতা খান। পরিচালকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের খবর ফাঁস করে ঢালিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়া এ নায়িকা সম্প্রতি অভিনয় করেছেন আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রের পাশপাশি বিজ্ঞাপনেও নিয়মিত মডেলিং করছেন এ নায়িকা। জানালেন, শিগগিরই আরও দু’টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি।