২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ধারাবাহিকে বছর শুরু দীপ্ত টিভির

বছরের শুরুতে তিনটি নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছে বেসরকারী চ্যানেল দীপ্ত টিভি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 08:05 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

বাংলায় ডাব করা বিদেশী সিরিয়াল প্রচার ও নিজস্ব ঘরানার নাটক নির্মাণ করে অনুষ্ঠান সম্প্রচারে স্বাতন্ত্র তৈরি করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। আগামী ৫ জানুয়ারী থেকে শনি-বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটকগুলো।  এ উপলক্ষে বৃহস্পতিবার চ্যানেলটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।

এ সময় নাটকগুলোর শিল্পী কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেলের অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরী, সিইও উরফী আহমদ, মার্কেটিং হেড গোলাম মোরশেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন ঘরানার তিনটি নাটক নির্মাণ করছেন তারা। এগুলো হলো- জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় ‘খলনায়ক’, ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ‘ভালোবাসার আলো-আঁধার’, জেন অস্টেন রচিত 'প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নাসিমুল হাসানের চিত্রনাট্যে সরোয়ার সৈকতের সংলাপে রাজু খান নির্মাণ করছেন মান অভিমান।

চ্যানেলটির অনুষ্ঠান প্রধান নাটকগুলো সম্পর্কে গ্লিটজকে বলেন, তিনটি ভিন্ন স্বাদের গল্পে নির্মিত হচ্ছে নাটকগুলো। ১৪জন লেখক টিমের মাধ্যমে গল্পগুলো নির্মিত হচ্ছে। অভিনয় করছেন একঝাঁক শিল্পী। ‘খলনায়ক’ নাটকটি ছাড়া বাকি দু’টো নাটকই প্রায় সাড়ে তিনশ পর্বের, অর্থাৎ চলবে বছরব্যাপী। আশা করছি নাটকগুলো দর্শক দারুণ পছন্দ করবেন।”

শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন ধারাবাহিক  ‘খলনায়ক’ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০মিনিটে, ‘ভালোবাসার আলো-আঁধার’ নাটকটি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৯টা ৩০মিনিটে, ‘মান অভিমান’ নাটকটি সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় সম্প্রচারিত হবে।