নতুন মডেল সঙ্গে নিয়ে হাবিবের ‘সারপ্রাইজ গিফট’
বছরের প্রথম দিন নতুন গান উপহার দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১ জানুয়ারি হাবিব ওয়াহিদের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে হাবিব ওয়াহিদের নতুন গান ‘আনমনা মন’। মামুন মুজিবের লেখা গানটির সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তারেক নিশক আজিজ।
গানটি প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, “ভক্তদের জন্য নতুন বছর উপলক্ষে এটা আমরা সারপ্রাইজ গিফট”। গানের ভিডিওতে হাবিব ওয়াহিদের সঙ্গে মডেল হয়েছেন নবীন অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জাহান জেরী। প্রিয় শিল্পীর গানের মডেল হতে পেরে বেশ উচ্ছসিত এ তরুণী। জানালেন, রাঙামাটি ঘুরতে গিয়ে হঠাৎ হাবিবের নজরে পড়েন তিনি।
তিনি বলেন, “হাবিব ওয়াহিদ এর গানের ভক্ত আমি আগে থেকেই। তার সাথে কাজ করতে পারা আমার জন্য বেশ আনন্দের। তবে পুরো মিউজিক ভিডিও টি হুট করে করা। আমি রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম পরিবারের সাথে আর হাবিব ভাই কনসার্টে। হুট করে আমায় দেখে ভাইয়া বললো- ‘তুই কয়দিন আছিস? আমি বললাম আজ চলে যাবো। ভাইয়া বল্লো চল এ কাজ টা করি আমরা।’ আমার কাছে এমনকি মেক আপও ছিলো না।”
ছোটপর্দায় বেশকিছু নাটকে অভিনয় ছাড়াও নির্মাতা তৌকির আহমেদের মুক্তিসম্ভাব্য ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জমেছে জেরী’র। উপস্থাপনা করছেন এটিএন বাংলার ‘সিনে মিউজিক’ অনুষ্ঠানটি।
