মাছরাঙা টিভিতে গাইবেন রাজা
মাছরাঙা টিভির সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে সরাসরি গান পরিবেশন করবেন ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা।
মাছরাঙা টিভি থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটি প্রচার হবে, চলবে রাত ১টা পর্যন্ত। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। উপস্থাপনায় থাকছেন সংগীত শিল্পী সুজিত মোস্তাফা।
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠানে তিনি তার গাওয়া বেশ কয়েকটি ভাওয়াইয়া গান পরিবেশন করবেন। এছাড়াও মুহাম্মদ কছিমউদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের লেখা কয়েকটি গান পরিবেশন করবেন তিনি।
রাজা বলেন, “লোকসংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গান হচ্ছে ভাবের গান। তাছাড়া এই গানে বিরহ-ভাবটা একটু বেশিই থাকে, বিশেষ করে নারী বিরহ। বিরহের এই গান যে কারও মনকে উদাস করবেই।
অনুষ্ঠানে চটকা, দরিয়া, দীঘলনাশা, ক্ষীরলসহ ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করব। আর অনুষ্ঠানটির ধরনও বেশ ভালোলাগার মতো। একেবারেই বৈঠকী পরিবেশ-যা দেখে মনেও ভালো লাগার আবেশ তৈরী হয়।”
আব্বাস উদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দীপ্ত টিভি’র ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানেও সরাসরি গাইবেন সফিউল আলম রাজা।
শনিবার সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত এক ঘন্টার এই আয়োজনে ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছেন গৌরব সরকার।
