মুক্তিযুদ্ধের প্রথম ছবির নির্মাতা আমার বাবা: দোদুল
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন আমজাদ হোসেন। দিনভর রাজধানীর কেন্দ্রিয় শহীদ মিনার, এফডিসি ও বেসরকারী টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ের সামনে ভক্ত অনুরাগী ও সহকর্মীরা শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানায় সদ্য প্রয়াত এ নির্মাতাকে।
নানা জটিলতার পর এক সপ্তাহ পর থাইল্যান্ড থেকে ফিরলো আমজাদ হোসেনের মরদেহ। শুক্রবার বিমান বন্দর থেকে তার মরদেহ প্রথমে বাসায় পরবর্তীতে আদাবরের বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বারডেমের হিমঘরে। শনিবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে আনা হয় কেন্দ্রিয় শহীদ মিনারে। শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা ছাড়াও ভক্ত-অনুরাগীরা অশ্রুসজল চোখে ফুলে ফুলে শেষ বিদায় জানান আমজাদ হোসেন কে।
বাবার উদ্দেশ্যে দোদুল আরও বলেন, “আমার বাবা গান লিখেছেন- ‘গাছের একটা পাতা পড়লে, কাছের একজন মানুষ মরলে কে তার খবর রাখে?’ আমি আজকে বাবাকে বলবো- বাবা দেখো, সারা বাংলাদেশ আজকে তোমার খবর রাখছে, সারা বাংলাদেশ আজকে তোমার জন্য কাঁদছে।”
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ছবি: আব্দুল্লাহ আল মমীন
এসময় উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক আলমগীর, ফারুক, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা ববিতা, চম্পা, সুচরিতা, পূর্ণিমা ও খল অভিনেতা এটিএম শামসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, এফডিসির এমডি আমির হোসেন, নির্মাতা গুলজার আহমেদ, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, দেলোয়ার জাহান ঝন্টু, আনোয়ারা, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন ও আরিফিন শুভ, জয় চৌধুরী, আরজু কায়েস, শানসহ এফডিসিকেন্দ্রীক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
১৪ ডিসেম্বর দুপুরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। এর আগে গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। উন্নত চিকিৎসার স্বার্থে প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হয়।
