২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ প্রেক্ষাগৃহে মিলন-মমর হরর ছবি ‘স্বপ্নের ঘর’

নাম শুনে নিটোল প্রেমের ছবি ভাবলে ভুল হবে, আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম অভিনীত ‘স্বপ্নের ঘর’ পুরোদস্তুর একটি ‘হরর’ ফিল্ম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 09:23 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

সামনে নির্বাচন বলে প্রেক্ষাগৃহে এখন নতুন কোনো সিনেমা নেই। এই শূন্যতার মধ্যেই শুক্রবার মুক্তি পেল তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমা।

মিলন ও মমর পাশাপাশি স্বপ্নের ঘরে দেখা যাবে ঢালিউডের খল চরিত্রের অভিনেতা শিমুল খান ও নওশাবাকে।

ভোটের ডামাডোলের মধ্যে খুব একটা প্রচার ছাড়াই  ‘স্বপ্নের ঘর’ মুক্তি দেওয়া হল কেন জানতে চাইলে নির্মাতা অংশু বলেন, “আসলে প্রযোজক চাইলেন বলেই মুক্তি দেওয়া হলো। তিনি নিশ্চয়ই সবকিছু ভেবে এ সময়টিকে বেছে নিয়েছেন। তবে আরেকটু সময় পেলে ভালো হত।”

অনীশ দাস অপুর মূল গল্প থেকে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন শাওন হক। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমার চিত্রধারণ শুরু হয়েছিল সেই ২০১৬ সালে। গতবছর জুলাই মাসে চিত্রধারণ শেষ হলেও মুক্তি পেতে এক বছরের বেশি সময় লেগে গেল।

কেমন চলচ্চিত্র স্বপ্নের ঘর? নির্মাতা বলছেন- এটা পুরোপুরি বাণিজ্যিক ধারার হরর ফিল্ম।

“এখানে শুধু যে ভৌতিক ব্যাপারটাই তুলে ধরা হয়েছে তা না, প্রতিষ্ঠা পাওয়ার জন্য একজন মানুষের সংগ্রামের গল্প, একজন নারীর স্বপ্নের কথা বলা হয়েছে এখানে। সে কারণে আমাদের চলচ্চিত্রটির নাম স্বপ্নের ঘর।

“স্বপ্ন ভাঙার কথাও বলা হয়েছে। কীভাবে মানুষ অতিপ্রাকৃত শক্তি দ্বারা চালিত হয়, সেটাও এসেছে। কেন্দ্রীয় চরিত্রে চারজনই দারুণ অভিনয় করেছেন। দর্শক চারজনকেই ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন।”

ভৌতিক আবহ ফুটিয়ে তুলতে এ সিনেমায় ‘ভিএফএক্স’ ব্যাবহার করা হয়েছে বলে জানান নির্মাতা।

তিনি বলেন, “আমরা যথেষ্ট সময় দিয়েছি। সিনেমাটোগ্রাফি, লাইটিংয়ের বৈচিত্র্য আছে। গল্পের অনেকগুলো মোড় আছে, শাখা প্রশাখা আছে। আমার মনে হয় না ছবিটা দেখলে দর্শক বোর হবে।”

রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও বিজিবি প্রেক্ষাগৃহ ছাড়াও শেরপুরের সত্যবতী, সিরাজগঞ্জের সাগরিকা, কিশোরগঞ্জের মানসী সিনেমা হলে মুক্তি পেয়েছে স্বাপ্নের ঘর।

নির্মাতা জানান, আপাতত পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও নির্বাচনের পর নতুন বছরের শুরুতে বড় পরিসরে চলচ্চিত্রটি দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

মুক্তির ঘরের প্রযোজনা করেছেন টপি খান।