না ফেরার দেশে বার্তোলুচি
বিতর্কিত বলেই খ্যাতিমান ছিলেন তিনি। বার্নান্দো বার্তোলুচি সিনেমায় রাজনীতির কথা বলতেন, শ্রেণি সংগ্রামের কথা বলতেন। সব পেছনে ফেলে না ফেরার দেশে চলে গেলেন ইতালিয়ান এই চিত্র পরিচালক।
বার্তোলুচির বয়স হয়েছিল ৭৭ বছর, ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোমে নিজের বাড়িতেই তার মৃত্যু ঘটে।
বার্তোলুচি ১৯৮৮ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অস্কার জেতেন ‘দ্য লাস্ট এমপেরর’ ছবির জন্য। সেবার সেরা ছবিসহ মনোনয়ন পাওয়া ৯টি বিভাগের সবকটি পুরষ্কারই জিতে নেয় তার ছবি। বার্তোলুচি জেতেন সেরা পরিচাক ও সেরা চিত্রনাট্যের অস্কার।
তবে বার্তোলুচি আলোচনায় এসেছেন তার ‘লাস্ট ট্যাংগো ইন প্যারিস’ ছবিটির জন্য। খোলামেলা নগ্নতার জন্য ছবিটি ব্যাপক সমালোচিত হয়। অনেকগুলো দেশে নিষিদ্ধ হয় এটি।
১৯৪১ সালে ইতালির পারমায় জন্ম বার্তোলুচির। মাত্র ২১ বছর বয়সে প্রথম ছবি পরিচালনা করেন ‘লা কমারে সেকা’ শিরোনামে। পরের ছবি ‘বিফোর দ্য রেভ্যুলুশন’ দিয়ে নজরে আসেন তিনি।
তার অন্য বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দ্য শেল্টারিং স্কাই’, ‘লিটল বুদ্ধা’, ‘স্টিলিং বিউটি’ এবং ‘দ্য ড্রিমারস’। ২০১২ সালে কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় তার নির্মিত শেষ ছবি ‘মি অ্যান্ড ইউ’। তার আগের বছর আয়োজক কর্তৃপক্ষ সম্মানসূচক পাম ডি’অর দিয়ে সম্মানিত করে তাকে। ২০০৮ সালে হলিউড ওয়াক অব ফেইমে জায়গা করে নেন বার্তোলুচি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কান ফেস্টিভাল কর্তৃপক্ষ। এক শোকবার্তায় তারা তাকে উল্লেখ করেছে ইতালিয়ান ছবি নির্মাতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে, যিনি ‘আজীবন বিশ্ব চলচ্চিত্রের এক বাতিঘর হয়েই থাকবেন’।
