২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোপরানোস প্রিকুয়েলে আলেসান্দ্রো নিভোলা

‘দ্য সোপরানোস’ ভক্তরা আগেই ভেসেছেন আনন্দে; এইচবিওর এই হিট টিভি সিরিজটি চলচ্চিত্রে রূপ দেওয়ার ঘোষণা এসেছিল নির্মাতাদের তরফে। আর সেটি আগের ঘটনা বা প্রিকুয়েল দিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 10:40 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

ইতোমধ্যে পরিচালক অ্যালান টেলর দায়িত্ব নিয়েছেন ‘দ্য মেনি সেইন্টস অব নিউআর্ক’ শিরোনামের সিনেমাটি নির্মাণের। আর তারই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় এসেছেন আলেসান্দ্রো নিভোলা। সব ঠিকঠাক থাকলে গুরুত্বপূর্ণ ডিকি মল্তিসান্তির ভূমিকায় দেখা যাবে ‘আমেরিকান হাসল’খ্যাত এই অভিনেতাকে।  

মূল সিরিজে মল্তিসান্তির চরিত্রে কাউকে দেখা যায়নি। তবে টনি সোপরানোর মেনটর হিসেবে অনেকবার উল্লিখিত হয়েছেন। সিনেমায় মল্তিসান্তি প্রচণ্ড বদরাগী কিন্তু ক্যারিশম্যাটিক একটি চরিত্র যে মাফিয়া পরিবারে ‘মেড ম্যান’ হিসেবে দায়িত্বপালন করে। তার নিজের কোনো সন্তান নেই। তাই পারিবারিক এক বন্ধুর ছেলে টনির দায়িত্ব নেন তিনি। টনির বাবা তখন দীর্ঘমেয়াদে জেল খাটছিলেন।

সিরিজে অবশ্য এভাবে চিত্রায়িত করা হয়নি মল্তিসান্তিকে। সেখানে টনির প্রয়াত চাচা এবং আরেক প্রভাবশালী চরিত্র ক্রিস্টোফার মল্তিসান্তির বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে।

ষাটের দশকের শেষ দিকে নিউআর্কের দাঙ্গাকালীন সময়টা উঠে এসেছে ‘দ্য মেনি সেইন্টস অব নিউআর্ক’ ছবিতে। ১৯৬৮ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত সময়কাল নিয়েই ছবির গল্প। আর ধারাবাহিকতা রাখতেই টনি চরিত্রে একাধিক অভিনেতাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা।

১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত এইচবিওতে দেখানো হয় ‘দ্য সোপরানোস’, অনেকের চোখে যা সর্বকালের সেরা টিভি সিরিজগুলোর একটি। এ বছরের মার্চে এর প্রিকুয়েলের ঘোষণা দেয় এইচবিও। আগামী বছর ছবিটির কাজ শুরু হবে এবং ২০২০ সালে এটি মুক্তি পাওয়ার কথা।