২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাত্তরে ‘বাকের ভাই’ খ্যাত নূর

নিজের রাজনৈতিক পরিচয়ের বাইরে সংস্কৃতি সংগঠক হিসেবে দেশের তৃণমূল পর্যায়ে তরুণদের মধ্যে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানোই ‘জীবনের চূড়ান্ত লক্ষ্য’ বলে মনে করেন সদ্য ৭২ পূর্ণ করা আসাদুজ্জামান নূর, যিনি এখনও জনপ্রিয় তার অভিনীত ‘বাকের ভাই’ চরিত্রটির জন্য।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 07:51 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

পুরনো খবর:

আসাদুজ্জামান নূর এখনও তৃষিত
‘গ্যালিলিও’র সাথে ফিরলেন নূর-যাকের

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী।

বুধবার নিজের ৭২ বছর পূর্ণ করার অনুভূতি জানাতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংস্কৃতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া।”

৭২তম জন্মদিনে বাড়িতে ‘তেমন কোনো আয়োজন’ না থাকলেও দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কেক কাটার আয়োজন করেন।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য নূর জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটছে তার।

“সামনে নির্বাচন। আমাকে এখন নীলফামারীতে যেতে হচ্ছে ঘন ঘন। এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছি। একশভাগ সফল হতে না পারলেও আমি বলতে পারব, আমি কাজ করেছি।”

১৯৯৮ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৩ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এর মাঝে ২০০২ সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন এবং পরবর্তীতে ২০০৯ সালে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

২০১৩ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

“মাননীয় প্রধানমন্ত্রী ইপিজেড করে দিয়েছেন। আরেকটি সর্বশেষ দিলেন মেডিকেল কলেজ। সার্বিক উন্নতি তো হয়েছে এলাকার। আমাদের এলাকায় মঙ্গা শব্দটি আর উচ্চারিত হয় না। প্রাপ্তি আর কী হতে পারে? এটাই অর্জন। উন্নয়নের শুরু হয়েছে তার শেষ নেই। আগামীতে নির্বাচিত হলে আমি আরো চেষ্টা করব।”

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর তরুণদের মধ্যে সংস্কৃতি চর্চার বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশ দিলে দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণে ভূমিকা নেয় নূরের মন্ত্রণালয়।

সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দেশের প্রতিটি স্কুলে সংগীত শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। জঙ্গিবাদবিরোধী প্রচারের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হচ্ছে কনসার্ট, সংগীত উৎসব।

তরুণদের বিপথগামীতা রুখে সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে সারা দেশের শিল্পকলা একাডেমিগুলোকেও ঢেলে সাজাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়।  জেলা পাঠাগারের সংস্কার কার্যক্রমও চলছে।

নূর বলেন, “জন্মদিনে আমি চাই, গোটা দেশে সংস্কৃতি চর্চার আরো প্রসার হোক। আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ কাজ। তৃণমূলে সংস্কৃতির বিকাশে আমরা অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি  করেছি। এখন কাজ করছি চর্চা বাড়াতে।”

১৯৬৩ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পন আসাদুজ্জামান নূরে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও পরে প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।

কিছুকাল বিরতি দিয়ে এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয় হন।

আসাদুজ্জামান নূর একাধারে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

এতকিছুর মধ্যেও অভিনয়ের প্রতি নিজের আকুতি জানাতে গিয়ে গত বছর নিজের জন্মদিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, “অভিনয়ের তৃষ্ণা যে এখনও রয়ে গেছে। যেকোনো ধরনের বহুমাত্রিক চরিত্র এখনও আমাকে ভীষণভাবে টানে। কেবল মনে হয়, এখানেই আমার অতৃপ্তি আর অপূর্ণতা।”

১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় আসাদুজ্জামান নূর। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ছয়শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর ‘কিসসা’ নাটকটি।

২০১১ সালে উপস্থাপনা করেছেন রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’।

‘এই সব দিনরাত্রি’র শফিক, ‘অয়োময়’ নাটকের ছোট মির্জা, ‘সবুজ ছায়া’র ডাক্তার চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় ছিলেন আসাদুজ্জামান নূর।

অভিনয় করেছেন ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকের রফিক, ‘মাটির পিঞ্জিরা’র নান্দাইলের ইউনূস, ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের কলেজপড়ুয়া বেকার যুবক, ‘চন্দ্রকথা’ সিনেমার দাম্ভিক জমিদারসহ অনেক চরিত্রে। ‘আগুনের পরশমনি, ‘দহন’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন নূর।

হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের যবনিকায় ‘বাকের ভাই’ চরিত্রটির ফাঁসি হলে ভক্তরা তা মেনে নিতে পারেনি। ওই সময় নূর অভিনীত চরিত্র বাকের ভাইয়ের  ফাঁসির রায় বাতিলের দাবিতে ঢাকার পথে মিছিলও হয়েছিল।

২০ বছর পর  মঞ্চনাটকে ফিরেছেন ‘অভিনয়ের মানুষ’ নূর । সম্প্রতি নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে তিনি ‘গ্যালিলিও’ নাটকে অভিনয় করছেন তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে। 

রাজনৈতিক ব্যস্ততায় অভিনয় করা হয়ে না উঠলেও  নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য আসাদুজ্জামান নূর বলেন,  “এখন থেকে সময় পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করব।”