২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদুজ্জামান নূর এখনও তৃষিত

সংস্কৃতিকর্মী, অভিনেতা, রাজনীতিবিদ-তিন পরিচয়ে প্রাপ্তির খাতা ভরে উঠলেও একটি ‘বহুমাত্রিক’ চরিত্রের নেশা এখনও তাড়িয়ে বেড়ায় আসাদুজ্জামান নূরকে।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:48 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার নিজের জীবনের ৭১ বছর পূর্ণ করার অনুভূতি জানাতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই অপূর্ণতার কথা বলেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, “এ জীবনে যা কিছু পেয়েছি, তা অনেক বেশি। তবে অতৃপ্তি আমার নাটক নিয়ে। মনে হয়, এখনও আরও কিছুদিন আমি নাটকে কাজ করতে পারব, আরও কিছু দিয়ে যেতে পারব।

“অভিনয়ের তৃষ্ণা যে এখনও রয়ে গেছে। যে কোনো ধরনের বহুমাত্রিক চরিত্র এখনও আমাকে ভীষণভাবে টানে। কেবল মনে হয়, এখানেই আমার অতৃপ্তি আর অপূর্ণতা।”

১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় আসাদুজ্জামান নূর। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি।

তার অভিনীত টিভিনাটক ‘কোথাও কেউ নেই’ এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’নাটকের ‘ছোট মীর্জা’, ‘সবুজ ছায়া’-র ‘ডাক্তার’ চরিত্রগুলো দর্শকরা লুফে নেয়।

আসাদুজ্জামান নূর ‘আগুনের পরশমনি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘চন্দ্রকথা’, ‘দহন’ চলচ্চিত্রেও অভিনয় করেন।

১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারীতে জন্ম আসাদুজ্জামান নূরের। বাবা আবু নাজেম মোহাম্মদ আলী ও মা আমিনা বেগম।

সংস্কৃতিমন্ত্রী নূরের ৭১তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ছিল কেক কাটা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। সকালে সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খানের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ‍ফুলেল শুভেচ্ছা জানান।

বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হয়ে আসাদুজ্জামান নূর সলাজ হাসিতে বলেন, “আমাদের ছোটবেলায় তো এসব জন্মদিন পালন করতাম না। শহরে এসে জন্মদিন নিয়ে যত মাতামাতি। আমার সারা বেলাই কাটছে মিটিংয়ে, সভায়, অনুষ্ঠানে। আলাদাভাবে তেমন কিছু করছি না।”

নিজেকে ‘একজন সাধারণ নাগরিক’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমি যতদিন বেঁচে থাকি, ততদিন আনন্দের সাথে বাঁচতে চাই। বাংলাদেশের আর সব সাধারণ মানুষের মতোই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এ দেশের আলো বাতাস মেখে বাঁচতে চাই, যে বেঁচে থাকা বড় অর্থপূর্ণ।”

দেশ-দশের কাছে ‘অনেক ঋণ’ এর কথাও স্মরণ করেন তিনি।

Image
আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

“এ দেশের মানুষ আমায় যে ভালোবাসা দিয়েছে, তা অফুরান। আমি আমার কাজের মাধ্যমে তাদের সেই ঋণ শোধ করতে চাই।”

১৯৬৩ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পন আসাদুজ্জামান নূরে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকও হয়েছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও পরে প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।

কিছু কাল বিরতি দিয়ে এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারেরর দাবীতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয় হন।

১৯৯৮ সালে আওয়ামী লীগে যোগ দেন আসাদুজ্জামান নূর। ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৩ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আসাদুজ্জামান নূর একাধারে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি। তার  স্ত্রী শাহীন আখতার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।