২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্যালিলিও’র সাথে ফিরলেন নূর-যাকের

বিশ বছর পর মঞ্চে ফিরে এল নাগরিক নাট্যসম্প্রদায়ের সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

আর নতুন করে এই নাটকের মঞ্চায়নের মধ্যে দিয়ে অভিনয়ে ফিরে এলেন অভিনেতা আসাদুজ্জামান নূর আর আলী যাকের।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি নতুনভাবে মঞ্চায়ন করল নাগরিক নাট্য সম্প্রদায়।

গত শতকের আশির দশকে সাড়া জাগানো মঞ্চনাটক ‘গ্যালিলিও’ নির্দেশনা দিয়েছিলেন আতাউর রহমান। নতুন মঞ্চায়নে নির্দেশনা দিয়েছেন এই নাটকেরই সাবেক অভিনেতা পান্থ শাহরিয়ার।

বের্টোল্ট ব্রেশট রচিত নাটকটি অনুবাদ করেছেন আবদুস সেলিম। মঞ্চ পরিকল্পনায় অপি করিম। প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন সারা যাকের।

‘গ্যালিলিও’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রবীন অভিনেতা  আলী যাকের, অন্যদিকে নূর অভিনয় করছেন ‘অধ্যক্ষ’, ‘বারবেরিনি’ ও ‘পোপ’ চরিত্রে।

অনেকদিন পর মঞ্চে ফেরা সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বে থাকা আসাদুজ্জামান নূর বলেন, “বিশ বছর পর এই নাটকের মাধ্যমে আবার মঞ্চে ফিরে এলাম। আমি অভিনয়ের মানুষ। অভিনয় সবসময়ই টানে। রাজনৈতিক ব্যস্ততায় অভিনয় করা হয়ে উঠে না। তবে এখন থেকে সময় পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করব।”

নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য আসাদুজ্জামান নূর জানান, তার হাত ধরে যেসব অভিনেতা বা কলাকুশলী মঞ্চে অভিনয় করতে এসেছেন, তাদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে অন্য সবার মতো তিনিও উদ্যোগী হবেন।

অসুস্থতার কারণে মঞ্চনাটক নির্দেশনা ও অভিনয় থেকে প্রায় দূরেই সরে ছিলেন অভিনেতা আলী যাকের।

তিনি বলেন, “শারীরিক অসুস্থতার জন্য আমি মঞ্চে অভিনয় করতে বা নির্দেশনা দিতে পারছি না। তবে শরীর যদি সায় দেয়, তবে এ নাটকে আমি নিয়মিত অভিনয় করব।”

পান্থ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই ঘণ্টা ব্যাপ্তির ‘গ্যালিলিও’ নাটকটির নির্দেশনায় তিনি এর ব্যাপ্তি দেড় ঘণ্টায় নামিয়ে এনেছেন।

“গ্যালিলিও নাটকটি মঞ্চে নিয়ে আসা আমার জন্য এক কথায় যুদ্ধই ছিল। নতুন প্রজন্ম যারা এই নাটকের গল্প শুনে এসেছে তাদের জন্য এই নাটকটি আমি আবারও মঞ্চে আনতে চেয়েছি। আমরা নাটকের মূল বিষয়টাকে দর্শকের সামনে উপস্থাপন করতে চেয়েছি।

“আজকের এই সময়ে যখন আমরা যুক্তিকে দূরে সরিয়ে রেখে একটা অদ্ভূত জীবনাচরণের দিকে ছুটে যাচ্ছি তখন বারবার মনে হয়, গ্যালিলিও নাটকের প্রাসঙ্গিকতা। মনে করিয়ে দেয় গ্যালিলিওর সংলাপ ‘অভাগা সে দেশ যার বীরপুত্রের প্রয়োজন’ কিংবা ‘যে সত্য জানে না সে একটা গাধা’। মঞ্চ নাটকের মাধ্যমেই আমরা প্রকাশ করতে পারি, আমাদের প্রতিবাদ ও বিশ্বাস।”

আলী যাকের ও আসাদুজ্জামান নূর ছাড়াও ‘গ্যালিলিও’ নাটকে ‘আন্দ্রিয়া সার্তি’ চরিত্রে পান্থ শাহরিয়ার, ‘সিনোরা সার্তি’ চরিত্রে ফারহানা মিঠু. ‘লুদোভিকা মার্সিলি’ চরিত্রে মোস্তাফিজ শাহীন, ‘সাগরেদো’ ও ‘বেলারমিন’ চরিত্রে কাওসার চৌধুরী, ‘ফেদারজোনি’ চরিত্রে ফারুক আহমেদ, ‘ধর্মযাজক’ চরিত্রে ফখরুজ্জামান চৌধুরী অভিনয় করেছেন।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুহে তামান্না লাবণ্য, শফি আলম বাবলু, অভি বিশ্বাস, মাহফুজ রিজভী, আবদুর রশীদ, কামরুজ্জামান পিন্টু।

নাটকের কাহিনীকাল ১৬০৯ সাল। ইতালির বিখ্যাত পদার্থ ও অঙ্কশাস্ত্রবিদ গ্যালিলিও গ্যালিলি ঘোষণা করলেন, সূর্য স্থির ও পৃথিবী ঘূর্ণায়মান। আরও বললেন, সৌরজগতে স্ফটিক স্তর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এর আগে মানুষ জানত, পৃথিবী স্থির ও সূর্য এর চারপাশে ঘুরে আলোকিত করছে পৃথিবীকে।

মানুষের এতদিনের বিশ্বাসে আঘাত হানে গ্যালিলিওর এ মতবাদ। খেপে উঠেন চার্চের অধিকর্তা। এরও আগে এমন কথা বলায় পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল একজনকে। যুক্তিকে সঙ্গী করে গ্যালিলিও ছুটে যান মানুষের কাছে। প্লেগের মতো মহামারিও তাকে আটকে রাখতে পারেনি। চার্চের ক্ষমতা আর রাষ্ট্রযন্ত্রের সামনেও মাথা নত করেননি।

তবে শারীরিক যন্ত্রণার কাছে নতি স্বীকার করে ১৬৩৩ সালের ২২ জুন স্বীকার করেন তার মতবাদ ভুল। সঙ্গে সঙ্গে থেমে যায় ইতালির সমস্ত গবেষণা, নতুন চিন্তা আর আবিষ্কারের পথ।

গ্যালিলিওকে কলঙ্কের নাম বলে ঘোষণা দেওয়া হয়, গ্যালিলিও চলে যান ধর্ম আদালতের কড়া নজরদারীতে। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আর্চ বিশপের মতামত দেওয়া আর হোরেসের মধ্যে। কিন্তু নিজের মধ্যে গর্ববোধ আগলে রেখেছিলেন সযত্নে। মৃত্যুর আগে লিখে রেখেছিলেন তার মতবাদ। পরবর্তী প্রজন্মকে জানিয়ে গিয়েছিলেন বিজ্ঞান সাধারণের জন্য, সবার জন্য।