মুক্তি পেল মাহির ‘পবিত্র ভালোবাসা’
চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পেল সারাদেশে।
মাহির বিপরীতে এ চলচ্চিত্রে অভিষেক ঘটছে নবাগত চিত্রনায়ক রোকনের। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘খায়রুন সুন্দরী’র নির্মাতা এ কে সোহেল।
শুক্রবার সারাদশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পেয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান চাটগাঁ ফিল্ম প্রোডাকশনস।
মাহি বলেন, “একসময় শুক্রবার টেলিভিশনে যে ধরনের ছবি দেখতাম আমরা, সেইরকম একটা সিনেমা সিনেমা ব্যাপার আছে এ ছবিতে। সিনেমাটাও ওইরকম।”
গ্লিটজকে তিনি বলেন, “এ ছবিটি আমি নির্মাতা এ কে সোহেলের ওপর বাজি ধরেই করেছি। কেননা এর আগে তিনি ‘খায়রুন সুন্দরী’ বানিয়েছিলেন। নায়ককেও চিনতাম না। কিন্তু সব মিলে কাজটা অন্যরকম হয়েছে। এখনকার মডার্ন ফিল্মের মত না। এটা পিওর বাংলা সিনেমা।”
চাটগাঁ ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। অন্যান্য চরিত্রে আছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ ও ইলিয়াস কোবরা।
