নীলফামারিতে ইত্যাদি’র ব্যাতিক্রমী আয়োজন
দেশের ইতিহাস-ঐতিহ্য-সভ্যতা-সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরতে দেশের বিভিন্ন স্থান চিত্রায়িত হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি। সে ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীণ জনপদ নীলফামারীতে।
একসময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া নীলফামারী সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠছে আলোকিত জনপদ। গত ১৮ সেপ্টেম্বর এ জেলার উত্তরা ইপিজেডে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিষ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হলো এবারের ইত্যাদি। ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে এ সময় দর্শক হিসেবে ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবি মানুষ ও নীলফামারীর বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন।
ইত্যাদি কর্তৃপক্ষ জানায়, স্থানীয় প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ এবং ইত্যাদির প্রাণ-সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে ধারণ করা হয়েছে।
ভাওয়াইয়া গানের প্রাণপুরুষ আব্বাসউদ্দিন এবং তার শ্বশুর বাড়ি নিয়ে রয়েছে প্রতিবেদন। উত্তরা ইপিজেডের উপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও নেলসন ম্যান্ডেলার উপর একটি তথ্যবহুল প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে মুল গান রয়েছে একটি। নীলফামারীর সন্তান সংগীত পরিচালক ইবরার টিপুর সঙ্গীতায়োজনে এ অঞ্চলেরই প্রায় ১৫০ বছর পুরাণো একটি চট্কা গান করা হয়।
ইবরার টিপুর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন টি.ডাব্লিউ সৈনিক, ফারুক ভূইয়া, তাজ, শাহীন ও সহশিল্পীবৃন্দ। এছাড়াও নীলফামারীকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় এবং মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের এক দল শ্রমজীবি মানুষ। নাচটির কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ রাব্বি আল কাওসার রাজু। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিকী, ফারুক ভূইয়া, রিয়াদ ও অন্যান্য।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। নিজ স্বার্থ পরমার্থ, শিশু সুরক্ষায় সংগঠন, ক্যামেরা আতংক, খাঁটি মানুষ তৈরির কারখানা, গণমাধ্যমের গণ পরামর্শ কেন্দ্র, মোবাইল ফোন বিড়ম্বনাসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-এস এম মহসিন, ড. ইনামুল হক, সোলায়মান খোকা, আব্দুল কাদের, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, শেলী আহসান, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, আমিন আজাদ, বিলু বড়–য়া, তারিক স্বপন, নিপু, জামিল হোসেন, নজরুল ইসলাম, সাজ্জাদ সাজু, ইমিলা, মনজুর আলম, সুর্বণা মজুমদার, হাশিম মাসুদসহ আরো অনেকে।
পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে।
উল্লেখ্য অনুষ্ঠানটি গত ২৮ সেপ্টেম্বর প্রচারিত হবার কথা থাকলেও ঐদিন এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রচারিত হবার কারণে অনুষ্ঠানটি ৫ অক্টোবর, রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ৭ অক্টোবর, রবিবার রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
