দীর্ঘদিন পর প্রিয়াঙ্কা গোপ
দীর্ঘদিন পর নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ।
‘ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভাঙ্গবে হৃদয়’ এমন কথার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ জসীম। গানটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে।
প্রিয়াঙ্কা গোপ গ্লিটজকে বলেন, “আমি মূলত উচ্চাঙ্গসংগীত শিল্পী। আমি মনে করি, আমার নির্ধারিত কিছু শ্রোতা আছে। সাধারণত আমি যে ধারার গান করি এটি তার বাইরের নয়। আশা করছি সবারই ভালো লাগবে। বকুল ভাই আর জসীম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, একটি সুন্দর গান করে দেওয়ার জন্য।”
এর আগে বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কা গোপের। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
