২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্মাণের প্রত্যয়ে শেষ হলো ঢাকা ডকল্যাব

মুক্ত চলচ্চিত্র নির্মাণে তহবিল সংগ্রহ ও কারিগরি সহায়তায় আন্তঃদেশীয় সংযোগ বৃদ্ধির প্রত্যয়ে শেষ হলো পাঁচদিনব্যাপি প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক সম্মেলন ‘ঢাকা ডক ল্যাব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 08:16 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো পাঁচদিনব্যাপী ঢাকা ডকল্যাব। বিকাল ৫টায় রাজধানীর বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের মূল মিলনায়তনে এ কর্মশালার সমাপনী ঘোষনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হারুন-উর-রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ, ঢাকা ডকল্যাব ট্রাস্টি বোর্ডর সদস্য লুভা নাহিদ চৌধুরী, সামিয়া জামান, এন. রাশেদ চৌধুরী, সৈয়দ ইমরান হোসেন কিরমানীসহ আগত বিদেশী অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

৫ সেপ্টেম্বর কর্মশালার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সম্মিলন প্রসঙ্গে আয়োজনের অন্যতম পরিচালক সামিয়া জামান বলেন, “এটা আমাদের দ্বিতীয় আসর। এটা ভাবতে ভালো লাগছে যে আমরা একেবারেই বিশ্বমানের প্রামাণচিত্র নির্মাতাদের আমাদের এখানে শিক্ষক এবং নির্বাচক হিসেবে পেয়েছি। তারা নির্ভয়ে বাংলাদেশে এসেছেন এবং আবারো আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। শুধু তাই না, তারা যখন ফিরে যাচ্ছে গিয়ে আন্তর্জাতিকভাবেও বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাম ইতিবাচকভাবে উচ্চারণ করছেন যার প্রমাণ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। এটা আমাদের চলচ্চিত্রের জন্য একটা সুলক্ষণ বলা যেতে পারে।”

তিনি আরো বলেন, “এবার যারা অংশ নিলেন এবং পুরস্কার জিতলেন তারা বিভিন্নভাবে নির্মাণের সুযোগ   ও বিভিন্ন দেশে তাদের প্রজেক্ট নিয়ে যাওয়ার সুযোগ পেলেন৷ এটা একটা ধারাবাহিকতা পাচ্ছে বলে আমরা যারা এর আয়োজক তারা এটি নিয়মিত আয়োজনের মধ্য দিয়ে একটি ভালো ফলাফল প্রাপ্তির সুস্পস্ট ইঙ্গিত পাচ্ছি। শুধু তাই না যারা এবার প্রজেক্ট সাবমিট করেন নি তারাও পরবর্তী আসরে যথাযথভাবে তাদের নির্মাণ প্রস্তুতি নিয়ে আসবেন সে ব্যাপারেও আশাবাদী হয়েছি।”

সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে “ঢাকা ডকল্যাব- বেষ্ট প্রজেক্ট সাউথ এশিয়া” পুরস্কার পান ভারতীয় নির্মাতা নাভিন পুন ও ইমপ্রেস টেলিফিল্মের সৌজন্যে  “ঢাকা ডকল্যাব-বেষ্ট প্রজেক্ট বাংলাদশ” পুরস্কার অর্জন করেন আনোয়ার চৌধুরী।

ডকেজ কলকাতা অ্যাওয়ার্ড পান মেহেদি মোস্তফা,  ডকপোর্ট ইঞ্চিয়ান অ্যাওয়ার্ড পান আনোয়ার চৌধুরী। ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্ক অ্যাওয়ার্ড পান নাবিলা মারজুক হোসেন এবং ভারতীয় নির্মাতা সৌরভ কান্তি দত্ত।

এছাড়াও আইইএফটার নির্বাচনে এবার ডকল্যাব থেকে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ অর্জন করেন নির্মাতা ফারজানা ববি।