২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শেষে বুসান উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 07:33 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব হিসেবে বিবেচনা করা হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। দক্ষিণ কোরিয়ার বুসানের সমুদ্র তীরের এই মহা মিলন মেলায় এ বছরের একমাত্র বাংলাদেশি ছবি হিসেবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেশকে প্রতিনিধিত্ব করবে।

আগামী ৪ অক্টোবর ২০১৮ থেকে শুরু হতে যাওয়া উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্রটি ।

এই বিভাগে সাম্প্রতিক এশিয়ান চলচ্চিত্রের সবচেয়ে মেধাবী নবীন নির্মাতাদের পাশাপাশি প্রখ্যাত নির্মাতাদের ছবিও প্রদর্শিত হয়।

জানা যায়, এ বছরের ৪-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বুসান উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে নির্মিত প্রথম এই অমনিবাস অর্থাৎ চলচ্চিত্র সংকলন ‘ইতি, তোমারই ঢাকা’র সবগুলো ছবির থিম রাজধানী ঢাকাকে নিয়ে।

চলচ্চিত্রটির এগারো জন নির্মাতা হলেন- আব্দুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় , গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মোঃ রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হূমায়ুন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ছবিটিতে নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খানের সাথে ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র নির্মাতা  আবু শাহেদ ইমন।

বুসান উৎসবে বাংলাদেশের এ অংশগ্রহণ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে ইমন গ্লিটজকে বলেন, ‘‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সংবাদ। একসঙ্গে ১১ জন তরুণের আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসব অভিষেক। তাও বুসানের মতো সম্মানজনক আসরে। ভবিষ্যতে এ উৎসবের প্রেরণায় এসব নির্মাতাদের মধ্য থেকেই ভবিষ্যত কোন মাস্টার ফিল্ম মেকার বেরিয়ে আসবে। উৎসবে এ ছবির সব নির্মাতা আমন্ত্রিত হয়েছেন।”

এর আগে গত ১২ এপ্রিল চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

ইমন জানান, মাত্র পাঁচ মাসের মধ্যেই ছবিটির পুরো কাজ শেষ করে সেন্সরে দেয়ার প্রস্তুতি চলছে। সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির পর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের ছোট ও বড় পর্দার প্রায় ৩০ জন তারকা অভিনেতা-অভিনেত্রী।

খুব শিগগিরই আলাদা আলাদাভাবে প্রতিটি ছবির শিল্পী ও কলাকুশলীদের নাম প্রকাশ করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।