ঈদ উপলক্ষে মঞ্চে ‘জবর আজব ভালোবাসা’
দুই প্রদর্শনী নিয়ে মঞ্চে আসছে থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত নাটক ‘জবর আজব ভালোবাসা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডি থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সোয়া ৭টায় মঞ্চায়িত হবে নাটক ‘জবর আজব ভালোবাসা’। ২৭ আগস্ট একই সময়ে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনী। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।
মঞ্চে তিনটি চরিত্র রূপায়ণ করবেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সংগীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন।
এই নাটকের নির্দেশক সাইফ সুমন বলেন, “ঈদ উৎসবের রেশ ধরেই আমরা নাটকটির মঞ্চায়ন করছি। আমাদের প্ল্যান ছিল ঈদের পরদিন নাটকটির প্রদর্শনী করবো। কিন্তু জাতীয় নাট্যশালা ঈদের ছুটিতে সরকারি বন্ধ থাকার কারণে ২৬ আগস্ট প্রদর্শনী করছি। গত বছর সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ঈদ উপলক্ষে ‘রিজওয়ান’ নাটকের উৎসব তো দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিল।
আমরা মনে করি প্রতি বছরই ঈদ উৎসবে মঞ্চনাটকের উৎসব হওয়া উচিত। সেই ধারাবাহিকতা ধরেই গত রোজার ঈদের পরও আমরা ‘জবর আজব ভালোবাসা’ নাটকের প্রদর্শনী করেছিলাম। এবারের ঈদে নাটকটির প্রদর্শনী করছি।”
