স্টার সিনেপ্লেক্সে ‘দ্য ইকুয়ালাইজার ২’
চার বছর আগে মুক্তিপ্রাপ্ত ডেনজেল ওয়াশিংটনের সাড়াজাগানো চলচ্চিত্র ‘দি ইকুয়ালাইজার’-এর সিক্যুয়েল ‘দ্য ইকুয়ালাইজার ২’ আসছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
বিশ্বজুড়ে ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। স্টার সিনেপ্লেক্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছবিটি আগামী শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।
আশির দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ইকুয়ালাইজার’-এর উপর ভিত্তি করে ছবি নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকুয়া। প্রথম ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনার ভার পড়ে তার কাঁধে। আর এই ভারটা বেশ ভালোভাবেই যে তিনি সামলাবেন এ নিয়েও সন্দেহ ছিল না সনি পিকচার্সের।
অন্যদিকে, ডেনজেল ওয়াশিংটন মানে হয়তো বক্স অফিসে ঝড় তোলা কেউ নন। কিন্তু বক্স অফিসে ধারাবাহিকতায় দারুণ উদাহরণ তিনি। ড্রামা ধাঁচের ফ্লাইট, রিমেম্বার দ্য টাইটানস; আছে ক্রাইম থ্রিলার আমেরিকান গ্যাংস্টার; ধুন্ধুমার অ্যাকশনের ‘দে জা ভ্যু’, ‘ম্যান অন ফায়ার’, ‘দ্য ইকুয়ালাইজার’ ছবিগুলো যার উজ্জ্বল সাক্ষ্য দেয়। তাই পরিচালক অ্যান্টোইন ফুকুয়াও নিশ্চিন্তে আস্থা রাখেন ষাটোর্ধ্ব ওয়াশিংটনের ওপর।
২০০১ সালে তাঁর নির্দেশনাতেই ‘ট্রেনিং ডে’-তে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াশিংটন। ‘দ্য ইকুয়ালাইজার’-এ আস্থার প্রতিদান চমৎকারভাবে দিয়েছেন ডেনজেল। তাই অবধারিতভাবেই এবারও তার বাইরে কাউকে কল্পনা করেননি ফুকুয়া।
এই পর্বে ক্লোয়ি গ্রেস মোরেজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসবেন ডেনজেল ওয়াশিংটন। প্রথম সিনেমার তুলনায় এবার অ্যাকশন দৃশ্যগুলোতে আনা হয়েছে আরও বেশি চমক। বাড়ানো হয়েছে ছবিটির গল্পের গতি। ছবির ট্রেইলারেই আভাস পাওয়া যায় কতটা দুধর্ষ হয়ে আসছেন ডেনজেল।
দুইবারের অস্কার জয়ী এই অভিনেতার অভিব্যাক্তিতে প্রকাশ পেয়েছে সাইকোপ্যাথ আচরণ। ডেনজেল ওয়াশিংটন ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মেলিসা লিও।
আরো আছেন অ্যাশটন স্যান্ডার্স, বিল পালম্যান, পেড্রো পাসক্যালের মতো অভিনয়শিল্পীরা।
