ফিরে আসছে পালিয়ে যাওয়া ‘সুবোধ’
‘সুবোধ তুই পালিয়ে যা’ শহরের বিভিন্ন রাস্তার পাশের দেয়ালে এমন আলোচিত গ্রাফিতি উঠে আসছে নির্মাতাদের ভাবনায়। পালিয়ে যাওয়া ‘সুবোধ’কে এবার ফিরে আসতে দেখা যাবে নাটকের চরিত্রে।
মামুন খানের পরিচালনায় ২৩ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে নির্মিত হচ্ছে নাটক ‘সুবোধ’। কারুকাজ প্রোডাকশানের ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন উদয় অনির্বান, বিশ্লেষণ করেছেন তির্থক আহসান রুবেল এবং চিত্রনাট্য রচনা করেছেন শুভ্র সরখেল।
নাটকে বসু চরিত্রে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে। তার ভেতরেই উদিত হবে কাঙ্ক্ষিত ‘সুবোধ’ চরিত্রটি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, নওশাবা, এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতু সহ অনেকে।
নাটকটির বিষয়ে কল্যাণ কোরাইয়া বলেন, “নাটকটির নাম সুবোধ। নামেই ভালো কিছু বোধের আভাস আছে। গল্পটাও একটু ভিন্ন। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারে নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।”
কাজী নওশাবা বলেন, “এই নাটকে আমার যে চরিত্র মিথিলা, এতে আমি একজন গ্রাম থেকে শহরে এসে সারভাইভ করতে না পেরে ছিনতাইসহ নানারকম অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ি, এমন চরিত্রে আগে কাজ করিনি। এটি একটি সামাজিক গল্পের নাটক। নির্মাতার চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
নির্মাতা মামুন খান জানান, নাটকটি আসছে ঈদে যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
