নজরুলের অরণ্যমানবী পূজা
আকাশে এই রোদ, এই বৃষ্টি। বর্ষার এমন বৈচিত্রময় রূপ উদযাপনে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ নৃত্য ‘অরণ্যা’।
আষাঢ় পেরিয়ে শ্রাবণের প্রথম দিন রোববার। বর্ষা উদযাপনে এ দিনটি থেকেই চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ নৃত্য ‘অরণ্যা’। বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে নিয়মিত প্রদর্শিত হবে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের নির্মাণে এ নাচের আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ‘রুমঝুম রুমুঝুম কে বাজায় জলঝুমঝুমি’ গানের নৃত্যরূপ দিয়েছেন পূজা সেনগুপ্ত।
নজরুলের গান থেকে বিশেষ এ নৃত্যের মূল ভাবনা, নকশা ও নির্দেশনা দিয়েছেন পূজা। এতে তিনি ছাড়াও পারফর্ম করবেন তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের চার শিল্পী।
এ প্রসঙ্গে পূজা বললেন, “নজরুলের গানটিতে কবি বনকে মানবীর রূপে দেখেছেন। বর্ষায় গাছগুলো যেমন নতুন প্রাণে জেগে ওঠে সেই জেগে ওঠাকেই নাচে ধরতে চেয়েছি আমরা। নজরুলের দেখাকে প্রতীকি রূপ দিয়েছি নাচে।”
পূজা জানান, প্রচলিত নাচের সেটে নয়, চ্যানেল আই’র সহযোগিতায় নাচটির জন্য বিশেষ সেট তৈরি করেছেন তিনি নিজে। গভীর বনের আবহে বৃক্ষের আদলে দাঁড়িয়ে থাকা পাঁচ নারীর নাচের দৃশ্যে মুগ্ধ হবেন দর্শক-এমনটাই প্রত্যাশা করছেন পূজা।
