অচলায়তন ভাঙার শপথে শেষ হল নৃত্য উৎসব
নৃত্যকে সাংস্কৃতিক আন্দোলনের সামনের কাতারে নিয়ে আসার প্রত্যয় নিয়ে শেষ হল উদীচীর নৃত্য উৎসব-২০১৮।
উদীচীর সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সংগঠনের ঢাকা মহানগর সংসদের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার এই উৎসব চলে।
প্রতিষ্ঠার ৫০ বছর পার হতে চলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এটাই ঢাকায় প্রথম কোনো নৃত্য উৎসবের আয়োজন।
‘নৃত্যে-ছন্দে ভাঙি পাথর-সময়’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বুধবার দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহীর নৃত্যগুরু বজলুর রহমান বাদল।
পরিবেশনা পর্বের শুরুতেই উদীচী গুলশান শাখার শিল্পীরা পরিবেশন করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা নৃত্য।
এরপর কন্যাশিশুর অধিকার বিষয়ক বিশেষ নৃত্য নিয়ে মঞ্চে আসে নন্দন কলাকেন্দ্র। এরপর ছিল উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদের পরিবেশনা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ এবং ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের সঙ্গে ছিল নৃত্যনন্দনের পরিবেশনায় নাচ।
জসিমউদ্দিনের আখ্যানকাব্য ‘নকশী কাঁথার মাঠ‘ নৃত্যনাট্য নিয়ে মঞ্চে আসেন উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের শিল্পীরা।
উৎসবের দ্বিতীয় দিনের শুরু হয় সাঁওতাল বিদ্রোহের স্মরণে মহুয়া মুখার্জি নির্দেশনায় নৃত্যনাট্য ‘সিধু-কানুর পালা’ দিয়ে।
কত্থক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনায় ছিল তারানা। উদীচী বরিশাল জেলা সংসদের শিল্পীরা মঞ্চে নিয়ে আসেন নৃত্যনাট্য ‘সোনাই মাধব’।
অনিক বসুর পরিচালনায় স্পন্দনের শিল্পীদের পরিবেশনায় ছিল ‘ও আলোর পথযাত্রী’ গানের সঙ্গে নাচ।
নৃত্য উৎসবের শেষ পর্বে দিনাজপুর উদীচীর শিল্পীরা পরিবেশন করেন বিভিন্ন গানের সমন্বয়ে রচিত বিশেষ নৃত্য।
