২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র পুরস্কারের সোনার মেডেলে মরিচা

‘শতভাগ সোনায় তৈরি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার মেডেলে মরিচা ধরার কথা জানিয়েছেন একাধিক পুরস্কার বিজয়ী।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 07:52 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা শেখ নিয়ামত আলী ও দশ বার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের স্বর্ণের মেডেলে মরিচা ধরার খবর পাওয়া গেছে।

‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের নির্মাতা নিয়ামত আলীর মেয়ে শর্বরী ফাহমিদা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোল্ড মেডেলে মরিচা পড়ে কিভাবে? ভাবতেই খুব কষ্ট হচ্ছে। আমি ভাবছি, আমাদের কি কোথাও কোনো কমতি রয়ে গেল যত্নের। কিন্তু আমাদের কোথাও কমতি ছিল না।”

Image
শেখ নিয়ামত আলীর মেডেল। ছবি: শর্বরী ফাহমিদা

শেখ নিয়ামত আলীর মেডেল। ছবি: শর্বরী ফাহমিদা

১৯৭৯ সালে ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পান নিয়ামত আলী; এতে ছবির সহ-নির্মাতা হিসেবে তার সঙ্গে পুরস্কার পেয়েছেন মসিহউদ্দিন শাকের। ১৯৮৫ সালে ‘দহন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনিকার হিসেবে পুরস্কৃত হন এ পরিচালক।

পুরস্কার পাওয়ার কয়েক বছরের মধ্যেই সোনার মেডেলগুলোতে মরিচা পড়ে; জীবদ্দশায় এ নির্মাতা নিজের চোখে মরিচা ধরা মেডেল দেখে হেসেছেনও বলে জানান তার মেয়ে।

“আব্বা নিজেই দেখে গিয়েছেন, মেডেলে মরিচা পড়েছে। সে এটা হাতে নিয়ে হেসে ফেলেছেন; বিষয়টি আমার মনে আছে। হেসে আব্বা বললেন, মরিচা পড়ে গেল কেন?”

শুধু মেডেলেই নয়, ব্রোঞ্জের ট্রফিতেও ‘ফাঙ্গাস’ ধরেছে বলে জানান শর্বরী।

“ওনাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে। ওনারা কিন্তু তাতেই খুশি। কিন্তু ওনারা যখন দেখেন, তাদের সঙ্গে চাতুর্য করা হয়েছে- এটা তো নিতে পারার কথা না। আব্বা বেঁচে থাকলে কষ্ট পেতেন। এটা আমাদের দেখতে হয়নি। এটাই মন্দের ভালো।”

Image
শেখ নিয়ামত আলীর ট্রফি। ছবি:  শর্বরী ফাহমিদা

শেখ নিয়ামত আলীর ট্রফি। ছবি:  শর্বরী ফাহমিদা

চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের মরিচা ধরা কয়েকটি সোনার মেডেলের ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। মরিচা পড়ার বিষয়টি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছেও স্বীকারও করেছেন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আট বার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তার নিজের স্ক্রেস্ট ও মেডেলগুলোও মাঝে-মধ্যেই দোকান থেকে ঘষামাজা করে আনতে হয় বলে জানান তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিকের পুরস্কারগুলোতে ভেজাল ছিল না। নব্বই সালের পর থেকে ভেজাল শুরু হয়ে। আমার মনে হচ্ছে, সোনার মেডেল ও ট্রফিগুলো মনোযোগ দিয়ে করা হয়নি। নকল আর নকল। মডেলে ফরমালিন দেওয়া ছিল মনে হয়।”

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন ও মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ আজহারুল হকের সঙ্গে; তিনি চলচ্চিত্র পুরস্কারের স্ক্রেস্ট ও মেডেল তৈরির বিষয়টি দেখভাল করছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অভিযোগ না পেলেও বিষয়টি তিনি জেনেছেন ইতিমধ্যে। শিগগিরই মন্ত্রণালয়ের সচিবকে ঘটনাটি অবহিত করবেন।

Image
শেখ নিয়ামত আলীর ট্রফি। ছবি: শর্বরী ফাহমিদা।

শেখ নিয়ামত আলীর ট্রফি। ছবি: শর্বরী ফাহমিদা।

স্ক্রেস্ট ও মেডেল বানানোর প্রক্রিয়া সম্বন্ধে তিনি জানান, প্রতিবছরই টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার প্রাপ্ত প্রতিষ্ঠান এক বছরের যাবতীয় স্ক্রেস্ট ও মেডেল বানান। তারপর সেগুলো আণবিক শক্তি কমিশনে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়।

স্ক্রেস্টগুলো ব্রোঞ্জের তৈরি ও সোনার মেডেলগুলো পুরোটাই সোনার তৈরি বলে নিশ্চিত করেন তিনি। স্বর্ণকাররা বলছেন, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া না করার ফলে কখনোই সোনাতে মরিচা পড়ে না।

তাহলে গলদটা কোথায়?

আজহারুল হক বলেন, “সোনার মেডেল তো মরিচা পড়ার কথা না। গত দুই বছর ধরে সোনার মেডেলে ১৫ গ্রাম সোনা দেওয়া হয়। বহু বছর আগে হয়তো স্বর্ণ কম ছিল; সম্ভবত তিন-চার রতি সোনা ছিল। কিন্তু এখনকার মেডেলে মরিচা পড়ার সম্ভবনা নেই-এটা আমাদের দৃঢ় বিশ্বাস।”

এর পেছনে যারা ছিলেন তাদের ব্যবস্থা নেওয়া হবে কিনা?

“বিষয়টি নিয়ে আমরাও কথা বলে দেখি সচিব মহোদয়ের সঙ্গে। তারপর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়-সেটার উপর নির্ভর করছে।”

চলতি বছরের ৮ জুলাই চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। এবারের যাবতীয় স্ক্রেস্ট ও মেডেল বানিয়ে আণবিক শক্তি কমিশন থেকে পরীক্ষা করে বাংলাদেশ ব্যাংকে রাখা হয়েছে বলে জানান তিনি।