‘গল্পই এই ছবির হিরো’
ঈদ উল আজহায় আসছে মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন চলচ্চিত্র ‘যদি একদিন’। চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে অভিষেক ঘটছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের। তার বিপরীতে চমক হিসেবে বড়পর্দায় উপস্থিত হবেন শ্রাবন্তী।
চলতি বছর নানা পর্বে চলচ্চিত্রটির চিত্রধারণ শেষে মঙ্গলবার গণমাধ্যমের সামনে চলচ্চিত্রটির কলাকুশলীদের নিয়ে হাজির হন নির্মাতা রাজ। রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিওতে এই আয়োজনে চলচ্চিত্র, সংগীত এবং নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও আরটিভি’র অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
সংগীত শিল্পী থেকে অভিনয়ে এসে ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তাহসান। বড়পর্দায় তার উপস্থিতি নিয়ে বরাবরই বলে এসেছেন- ‘অপেক্ষা করছেন তার স্বপ্নের চিত্রনাট্যটির’ জন্য। অবশেষে ‘যদি একদিন’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে এলেন তিনি।
সিনেমায় কাজ শেষে তাহসান তার অভিমত প্রকাশ করলেন এভাবে- “আমরা যারা শিল্পী। আমরা আসলে অনেক কাজ করি। এরমধ্যে কিছু কাজ বেঁচে থাকে, কিছু কাজ মিলিয়ে যায়। এই কাজটার প্রতি এতটা প্রেম আছে ইউনিটের সবার, যে কারণে এই কাজটা বেঁচে থাকবে।”
তিনি আরো বলেন, “আমার জীবনে যদি একটা সিনেমাই করি সেটা এটাই হবার কথা ছিল। আমি প্রমিস করছি- আমরা আপনাদের এমন একটি কাজ উপহার দিতে যাচ্ছি যা সারাজীবন বেঁচে থাকবে।”
সমাপণী বক্তব্য রাখেন চলচ্চিত্রটির প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
তিনি বলেন, “ভালো গল্পের ছবি হলে তা দেখার দর্শক আছে। আমি গর্বিত আমাদের নির্মাতা ও কলাকুশলীদের জন্য। তারা অনেকেই ভালো কাজের সুযোগ পান না, তবে সুযোগ পেলে অনেক ভালো কাজ করতে পারেন। আমাদের সবাইকে একসঙ্গে চলচ্চিত্র উন্নয়নে কাজ করতে হবে। আমি অনেক আশাবাদী। যদি একদিন-এর গল্প যেদিন প্রথম শুনেছি, আমার মনে হয়েছে এটি একটি ভালো ছবি হবে।”
অনুষ্ঠানে চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন পরিচালক ও কাহিনীকার মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এরপর চলচ্চিত্রের সকল শিল্পী, কলাকুশলীর নাম ঘোষণা, তাদের পরিচয় করে দেয়া হয় এবং মঞ্চে আমন্ত্রণ জানানো হয় উক্ত ছবির সংগীতশিল্পী, গীতিকার, সিনেমাটোগ্রাফার, সংলাপ, হেয়ারস্টাইলিস্ট সহ আরো অনেককে।
